বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : রাজ্যে প্রতিদিন ধারাবাহিক সড়ক দুর্ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে। দক্ষিণ কামরূপ জেলার সমরিয়া কেন্দ্রের অন্তর্গত গরৈমারী-সোনতলী এলাকায় সোমবার পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার বিকেলে আবারও এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাইক ও একটি ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে হাহঁচরী এলাকায় দুই কিশোর গুরুতরভাবে আহত হয়।
দুর্ঘটনায় আহত দুই কিশোর হল জোরশিমুলি পুলিশ ফাঁড়ির অধীন ঘোরামারা গ্রামের আজিজুল হক (১৬) এবং হাহঁচরী গ্রামের রুহুল আমিন (১৪)।
স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের গরৈমারী কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করান। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (GMCH) রেফার করেন। পুলিশ সূত্রে জানা গেছে, আজিজুল হককে GMCH-এ নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
জানা গেছে, কালাতলী থেকে আসা AS01SC 7368 নম্বরের ডিআই গাড়ি এবং AS-01DX7134 নম্বরের বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে জোরশিমুলি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দুটি যানবাহন জব্দ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।



