জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শিলচরে বামপন্থী দলগুলির বিক্ষোভ

Spread the news

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করল একাধিক বামপন্থী দল। শিলচরের ক্ষুদিরাম মূর্তির সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে বামপন্থী দলের কর্মী-সমর্থকরা জমায়েত হন। বিক্ষোভ থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন বক্তারা।

কর্মসূচিতে সিপিআই(এম)-এর পক্ষে সমীরণ আচার্য, শ্রমিক নেতা তথা বিশিষ্ট আইনজীবী দুলাল মিত্র, এসইউসিআই(সি)-এর পক্ষে শ্যামদেও কুর্মী এবং সিপিআই(এম-এল)-এর পক্ষে হায়দর হোসেন চৌধুরী বক্তব্য রাখেন। এ ছাড়াও উপস্থিত অন্যান্য বক্তারা মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানান। বক্তাদের অভিযোগ, জ্ঞানেশ কুমার বিজেপি সরকারের স্বার্থে কাজ করছেন। এসআইআর-এর নামে প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। তাঁদের বক্তব্য, বিহার ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। এর ফলে নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা ও গণতান্ত্রিক ব্যবস্থার উপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

বক্তারা আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়ায় পরিবর্তনের ফলে সরকারের পছন্দের ব্যক্তিদের নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। তাঁদের দাবি, নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগের যথাযথ তদন্ত করতে হবে।

এদিনের বিক্ষোভ থেকে বক্তারা জানান, ১০ অক্টোবর দিল্লিতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিবাদীদের উপর পুলিশি দমন-পীড়ন চালানো হচ্ছে বলে তাঁদের অভিযোগ। জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও তোলেন তাঁরা।

বামপন্থী দলগুলির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামী দিনে দেশজুড়ে গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *