বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : আগামী ২৬ নভেম্বর অসম বিশ্ববিদ্যালয়ের শিলচরস্থিত বিপিনচন্দ্র পাল সেমিনার হলে সংবিধান দিবস উদযাপন উপলক্ষে সোমবার এক প্রস্তুতিমূলক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর ভাবনা ও নির্দেশনাকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দেশের সংবিধান প্রণয়নের ঐতিহাসিক গুরুত্বকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি সংবিধানে উল্লিখিত ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের মতো মৌলিক আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

বৈঠকে অনুষ্ঠানের সামগ্রিক পরিকল্পনা, বিভিন্ন দায়িত্ব বণ্টন এবং মাঠপর্যায়ের প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্ত, রেজিস্ট্রার ড. পিকে নাথ এবং অধ্যাপক দেবতোষ চক্রবর্তী। তাঁদের উপস্থিতিতে আসন্ন সংবিধান দিবসের অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।



