দক্ষিণ সিঙ্গারীতে দিনদুপুরে যুবতী ও শিশুকন্যাকে অপহরণের চেষ্টা, বাজেয়াপ্ত অটো

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : পাথারকান্দির দক্ষিণ সিঙ্গারী গ্রামে দিনদুপুরে বাড়িতে ঢুকে ২৩ বছরের এক যুবতী ও চার বছরের শিশুকন্যাকে অপহরণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ধারালো অস্ত্র হাতে চার যুবক বাড়ির সীমানা টপকে ভিতরে ঢুকে গ্রিল ও জানালার কাচ ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করে। যুবতীর চিৎকার শুনে এক আত্মীয় ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে দাবি পরিবারের।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার দুপুর প্রায় দুটো নাগাদ বাড়ির মালিক বীরেন্দ্র সিনহা ও তাঁর স্ত্রী লক্ষ্মী সিনহা পারিবারিক কাজে ময়নায় কানাড়া ব্যাঙ্কে যান। বাড়িতে তাঁদের ২৩ বছরের মেয়ে ও চার বছরের নাতনি ছিল। এই সুযোগে বাগাডহর এলাকার রাজীব সিনহা-সহ চার যুবক বাড়িতে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ।
পরিবারের দাবি, প্রথমে বারান্দার গ্রিল ভাঙার চেষ্টা করা হয়। তাতে ব্যর্থ হয়ে জানালার কাচ ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা চালায় অভিযুক্তরা। আতঙ্কিত যুবতী চিৎকার করার পাশাপাশি ফোনে বাবা-মাকে বিষয়টি জানান। তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

পরিবারের দাবি, প্রথমে বারান্দার গ্রিল ভাঙার চেষ্টা করা হয়। তাতে ব্যর্থ হয়ে জানালার কাচ ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা চালায় অভিযুক্তরা। আতঙ্কিত যুবতী চিৎকার করার পাশাপাশি ফোনে বাবা-মাকে বিষয়টি জানান। তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

চিৎকার শুনে পাশের বাগান থেকে ছুটে আসেন লক্ষ্মী সিনহার ভাই রামু সিনহা। তাঁকে আসতে দেখে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। পরে AS 10 BC 3803 নম্বরের একটি অটোরিকশায় চেপে পালানোর সময় রামু সিনহা গাড়ি নিয়ে তাদের ধাওয়া করেন বলে জানা গেছে।

অভিযোগ, নয়া বাজার এলাকায় তিন যুবক অটোরিকশা থেকে নেমে পালিয়ে যায়। রাজীব সিনহা অটোরিকশাটি নিয়ে পাথারকান্দি হয়ে বাগাডহরে পৌঁছে সেটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি বাজেয়াপ্ত করে।

এই ঘটনায় রাজীব সিনহা-সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে পরিবার। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *