প্রিয় দলের পরাজয়ে অঝোরে কান্না অটোচালক সাব্বিরের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : ফুটবলের মাঠে জয়-পরাজয় চিরন্তন। কেউ জয়ের আনন্দে উচ্ছ্বসিত হন, আবার কেউ প্রিয় দলের পরাজয়ে হতাশায় ভেঙে পড়েন। কিন্তু কখনও কখনও সেই হতাশা এতটাই গভীর হয় যে তা চোখের জলে প্রকাশ পায়। এমনই এক হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী থাকল শ্রীভূমি। প্রিয় দল শ্রীভূমি একাদশের পরাজয় মেনে নিতে না পেরে অঝোরে কেঁদে ফেললেন এক অটোচালক। তাঁর নাম সাব্বির আহমেদ। ফুটবলের প্রতি নিখাদ ভালোবাসা যে কতটা গভীর হতে পারে, তাঁর কান্নাই যেন তার প্রমাণ।
গত ২২ নভেম্বর, রবিবার সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত কে সি পাল মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতার ফাইনালে কলকাতার ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল এফসির কাছে ৪-১ গোলে পরাজিত হয় স্বাগতিক শ্রীভূমি একাদশ। ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে ফাইনালে নামলেও শেষ পর্যন্ত রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় শ্রীভূমির দলকে।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মাঠ থেকে বেরিয়ে আসার সময় মূল সড়কের পাশে এক অটোরিকশাচালককে চোখের জল মুছতে দেখা যায়। খেলা দেখতে আসা দু’জন দর্শকের সঙ্গে কথা বলার সময় বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি। প্রথমে তাঁর এই কান্নার কারণ বুঝতে না পারলেও পরে কথা বলে জানা যায়, প্রিয় দল শ্রীভূমি একাদশের পরাজয়ই তাঁকে এতটা আবেগপ্রবণ করে তুলেছে।
সাব্বির আহমেদের বাড়ি শ্রীভূমি শহরের বটরশি এলাকায়। অটোরিকশায় কিছুটা পথ এগোতেই নিজের মনের কষ্টের কথা খুলে বলেন তিনি। তাঁর কথায়, শ্রীভূমি একাদশ গোটা প্রতিযোগিতায় ভালো খেলে ফাইনালে উঠেছিল। তাই এবার ঘরের মাঠে দল চ্যাম্পিয়ন হবে বলে তাঁর প্রবল আশা ছিল। কিন্তু সেই স্বপ্ন পূরণ না হওয়ায় তিনি ভীষণ মর্মাহত।

সাব্বিরের আক্ষেপের আরও একটি বিশেষ দিক রয়েছে। প্রিয় দলের ফাইনাল ম্যাচ দেখবেন বলে সেদিন সারাদিন অটো চালাননি তিনি। দৈনন্দিন উপার্জনের কথা দূরে সরিয়ে রেখে মনে মনে ভেবেছিলেন, মাঠে বসে খেলা দেখবেন। শ্রীভূমি একাদশ জয়ী হলে অন্য সমর্থকদের সঙ্গে আনন্দে মেতে উঠবেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সেই পরিকল্পনাও সফল হয়নি।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মাঠে প্রবেশ করতে না পারায় গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগও হয়নি সাব্বিরের। কখনও রাস্তার পাশে দাঁড়িয়ে, কখনও হেঁটে, আবার কখনও নিজের অটোরিকশায় বসে মাঠের বাইর থেকেই খেলার গতিপ্রকৃতি বোঝার চেষ্টা করেছেন তিনি। মাঠের ভেতর থেকে ভেসে আসা দর্শকদের উল্লাস, গোলের ঘোষণা এবং মাইকের আওয়াজ শুনেই অনুসরণ করেছেন প্রিয় দলের লড়াই। একের পর এক গোলের খবর তাঁর মনে জমিয়ে তুলেছে হতাশা। শেষ পর্যন্ত ৪-১ গোলে শ্রীভূমির পরাজয়ের খবর যেন সমস্ত আশার ইতি টেনে দেয়।

কথোপকথনের সময় বারবার উঠে এসেছে তাঁর একটাই আক্ষেপ—এবারও ঘরের দল চ্যাম্পিয়ন হতে পারল না। নিজের দলের প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসার কথা বলতে গিয়েই আবেগ সামলাতে পারেননি তিনি।

ফুটবল প্রতিযোগিতার সংবাদে সাধারণত গোলদাতা, সেরা খেলোয়াড়, চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের নামই গুরুত্ব পায়। কিন্তু মাঠের বাইরের সাব্বিরদের গল্প অনেক সময় আড়ালেই থেকে যায়। অথচ তাঁদের ভালোবাসা ও সমর্থনই ফুটবলকে সাধারণ মানুষের হৃদয়ের এত কাছাকাছি নিয়ে এসেছে।

ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, শ্রীভূমি একাদশ হয়েছে রানার্স-আপ। স্কোরবোর্ডে থেকে যাবে ৪-১ গোলের ফলাফল। কিন্তু সেই ফলাফলের বাইরেও থেকে যাবে অটোচালক সাব্বির আহমেদের অশ্রুসজল মুখ। তাঁর এই কান্না বুঝিয়ে দিল, ফুটবল কেবল ৯০ মিনিটের একটি খেলা নয়। কারও কাছে তা ভালোবাসা, কারও কাছে স্বপ্ন, আবার কারও কাছে নিজের ঘরের দলের জন্য নিঃস্বার্থ আবেগের এক অনন্য প্রকাশ।

শ্রীভূমি একাদশ সেদিন ট্রফি জিততে পারেনি, কিন্তু সাব্বিরের মতো সমর্থকদের হৃদয়ে তাদের প্রতি ভালোবাসা অমলিন। কারণ প্রকৃত সমর্থকরা শুধু জয়ের দিনেই পাশে থাকেন না, প্রিয় দলের পরাজয়ের দিনেও তাঁদের হৃদয়ে সমানভাবে বাজে ভালোবাসার সুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *