বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : একসময় টানা চারটি কার্যকালে বিজেপির দখলে থাকা নগাঁও লোকসভা আসন ২০১৯ সালে কংগ্রেসের দখলে চলে যায়। এর আগেও আসনটি কংগ্রেসের দখলে ছিল। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ দলত্যাগ করার পর রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে। এর ফলে কংগ্রেসের সাংগঠনিক নেতৃত্ব ও উত্তরাধিকার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
কংগ্রেসের হাত থেকে নগাঁও আসন পুনরুদ্ধার করতে বিশেষ রণকৌশল গ্রহণ করে বিজেপি। নগাঁওয়ের প্রাক্তন জেলা আয়ুক্ত দেবাশিস শর্মাকে প্রার্থী হিসেবে তুলে ধরে প্রচারে ঝাঁপিয়ে পড়েন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। অবশেষে উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা।
এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একটি বিশেষ ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘Love you, Nagaon!’। নির্বাচনের পরও নগাঁওয়ের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিতেই এই পোস্ট বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি বিজয়ী প্রার্থী দেবাশিস শর্মাকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারে অক্লান্ত পরিশ্রম করা বিজেপির প্রতিটি কার্যকর্তার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “ব্যালটেও পদ্ম, ইভিএমেও পদ্ম! মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি নির্ণায়ক জয় অর্জন করেছে। পূর্বে কংগ্রেসের দখলে থাকা এই আসনে বিজেপি প্রার্থী দেবাশিস শর্মার জয় বিশেষ তাৎপর্য বহন করছে। এবারের নির্বাচনে কংগ্রেস তৃতীয় স্থানে নেমে এসেছে।”

তিনি আরও লেখেন, এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অসমের প্রতিটি লোকসভা কেন্দ্রের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আস্থা এবং বিকশিত ভারত গড়ার তাঁর দূরদর্শী সংকল্পের প্রতি অসমবাসীর বিশ্বাসের প্রতিফলন।
নগাঁও লোকসভা কেন্দ্রের ভোটারদের বিপুল জনাদেশের জন্য প্রত্যেক সম্মানীয় ভোটারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী।
এ দিকে, রাত ৯-৩০ মিনিটে নির্বাচন কমিশন সূত্রে জানা যায় বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা পেয়েছেন ৭১৩৬২২ ভোট, এআইইউডিএফ প্রার্থী বদরুদ্দিন আজমল পান ৫৭১৭০৬ ও কংগ্রেস প্রার্থী শিবামণি বরা পেয়েছেন ১২৯৩৬৩টি ভোট।



