বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী। দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাঁদের পাঁচ বছরের কন্যাসন্তান। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মিজোরামের মামিত থেকে ডাপছুয়াহ যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত দম্পতির নাম লালজাওনা পাচুয়াউ (৩৯) এবং তাঁর স্ত্রী লালবিয়াকতলুয়াঙ্গি জোটে (৩৯)। লালজাওনা এলপিএস মিজোরাম আউটলুকের প্রযোজক ছিলেন। দুর্ঘটনার সময় গাড়িতে তাঁদের পাঁচ বছরের কন্যাও ছিল। তাকে উদ্ধার করে মামিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালজাওনার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। চিকিৎসকের কাছে দেখানোর জন্য তাঁরা মেয়ে সহ জ়ামুয়াং থেকে আইজলের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে ডাপছুয়াহ লুই এলাকার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে প্রায় ১৫০ ফুট নিচে নদীতে পড়ে যায়। গাড়িটি নদীর জলে ডুবে যায়।



