নিলম্বিত এসিএস আধিকারিক নূপুর বরার ৭০ লক্ষাধিক টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : দুর্নীতির অভিযোগে নিলম্বিত এসিএস (ACS) আধিকারিক নূপুর বরার বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার তাঁর বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির গুয়াহাটি আঞ্চলিক কার্যালয় বরপেটার প্রাক্তন রাজস্ব চক্র আধিকারিক নূপুর বরার প্রায় ৭০ লক্ষ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করেছে।

বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় থাকা ১৩ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি), ২১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের জীবনবিমা নিগমের (এলআইসি) তিনটি পলিসি। এছাড়া গুয়াহাটির দুটি পৃথক স্থানে জমি এবং একটি ফ্ল্যাট কেনার চুক্তিপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা গেছে, জমির নথিপত্র জালিয়াতির অভিযোগে বরপেটার তৎকালীন আয়ুক্ত ও অতিরিক্ত আয়ুক্ত মুখ্যমন্ত্রীর তদারকি কোষের কাছে নূপুর বরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে ৩২/২৫ নম্বরে মামলা রুজু করে তাঁকে গ্রেফতার করা হয়। বরপেটা ও গরৈমারিতে রাজস্ব চক্র আধিকারিক হিসেবে কর্মরত থাকাকালীন তিনি এ ধরনের অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর তদারকি কোষের তদন্তে মোট ৫২৪টি জমির নথিতে অসংগতি ও জালিয়াতির তথ্য সামনে আসে। তদন্তে অভিযোগ করা হয়েছে, ব্যক্তিগত মালিকানাধীন জমির পাশাপাশি সত্ৰের জমি এবং সরকারি জমির নথিতেও জালিয়াতি করা হয়েছিল। এমনকি এক ব্যক্তির জমি অন্য ব্যক্তির নামে জালিয়াতির মাধ্যমে নামজারি করার অভিযোগও রয়েছে।
তদন্তকারী সংস্থার দাবি, জমির নামজারির জন্য দেড় লক্ষ টাকা থেকে শুরু করে পরিস্থিতি অনুযায়ী আরও বেশি পরিমাণ ঘুষ নেওয়া হতো। এছাড়া কয়েকজন লাটমণ্ডলের লগ-ইন আইডি ব্যবহার করেও জমির নথিপত্রে জালিয়াতি করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।

উল্লেখ্য, বরপেটায় রাজস্ব সার্কল অফিসার হিসেবে কর্মরত থাকাকালীন সরকারি জমির নামজারি প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মে জড়িত থাকার অভিযোগ ওঠে নূপুর বরার বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর তদারকি কোষ তাঁকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *