রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ও রবিশঙ্করকে শুভেচ্ছা কৃষ্ণেন্দু পালের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ মে : ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক জয়ের পর রাজ্যজুড়ে উৎসবের আবহ। বৃহস্পতিবার গুয়াহাটির বসিষ্ঠস্থিত বিজেপির রাজ্য সদর দফতরে গিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল।

টানা তৃতীয়বারের মতো পাথারকান্দি কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হওয়ার পর কৃষ্ণেন্দু পাল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়াকে গামছা পরিয়ে সংবর্ধনা জানান। পাশাপাশি বিজেপির রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক রবিশঙ্কর রাজুকেও শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি।

কৃষ্ণেন্দু পাল বলেন, অসমে বিজেপি জোটের এই রেকর্ড জয় রাজ্যের মানুষের উন্নয়নমুখী চিন্তাভাবনা ও স্থিতিশীল সরকারের প্রতি আস্থারই প্রতিফলন। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার দক্ষ ও গতিশীল নেতৃত্বে গত কয়েক বছরে রাজ্যে পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই মানুষ আবারও বিজেপি নেতৃত্বাধীন জোটকে বিপুল সমর্থন জানিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “এই ঐতিহাসিক জয় আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে নতুন উদ্যমে জনসেবায় আত্মনিয়োগ করাই আমাদের লক্ষ্য।”

অসমকে আরও উন্নত ও সমৃদ্ধ রাজ্যে পরিণত করতে বিজেপি সরকার আগামী দিনেও নিরলসভাবে কাজ চালিয়ে যাবে বলেও আশ্বাস দেন কৃষ্ণেন্দু পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *