বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও ২০২৬ সালের কালীপূজা উপলক্ষে শিলচর শহর ও পার্শ্ববর্তী এলাকার সেরা পাঁচটি কালীপূজা কমিটিকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’। পূজার সার্বিক আয়োজন ও বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের স্বীকৃতি দিতেই ক্লাবের পক্ষ থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ক্লাব সূত্রে জানা গেছে, প্যান্ডেল নির্মাণ, প্রতিমার সৌন্দর্য, আলোকসজ্জা, সমাজসেবামূলক কার্যকলাপ এবং সামগ্রিক শৃঙ্খলার মতো একাধিক বিষয়ের উপর ভিত্তি করে নির্ণায়ক মণ্ডলী বিচার-বিবেচনার মাধ্যমে বিজয়ী পূজা কমিটিগুলিকে নির্বাচন করবেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের পাশাপাশি আরও দুটি সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে। বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মৃতির উদ্দেশ্যে আকর্ষণীয় ট্রফি ও মর্যাদাপূর্ণ শংসাপত্র তুলে দেওয়া হবে বিজয়ী কমিটিগুলির হাতে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনও প্রবেশমূল্য বা এন্ট্রি ফি ধার্য করা হয়নি। যে সমস্ত পূজা কমিটি নির্ধারিত মাপকাঠি অনুযায়ী নিজেদের আয়োজনকে যোগ্য বলে মনে করছেন, তাঁদের আগামী ৯ নভেম্বরের মধ্যে ইটখোলা, শিলচরে অবস্থিত লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ-এর সদস্যদের কাছে নিজেদের পূজা কমিটির নাম, ঠিকানা ও যোগাযোগের নম্বর জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আগামী ২২ নভেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানের নির্দিষ্ট সময় ও স্থান পরবর্তী সময়ে বিজয়ী পূজা কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হবে। শহর ও আশপাশের এলাকার পূজা কমিটিগুলির মধ্যে উৎসাহ ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতেই ক্লাবের এই উদ্যোগ বলে জানানো হয়েছে।



