বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : কাছাড় জেলার সোনাবাড়িঘাট ফেরিঘাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে মোট ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানা গেছে।
গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে ছিলেন এসআই (ইউবি) অচ্যুত নাথ, সদর টিএসআই, সোনাই থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

পুলিশ সূত্রে জানা গেছে, বাগাডহর দিক থেকে নৌকাযোগে সোনাইয়ের দিকে যাওয়ার সময় সোনাবাড়িঘাট ফেরিঘাট পয়েন্টে এএস-১১-এবি-২৩৫৪ নম্বরের একটি স্কুটি আটক করা হয়। স্কুটিতে থাকা তিন আরোহীকে আটক করে পুলিশ। ধৃতরা হলেন, সোনাই থানার অন্তর্গত বেতুকান্দির তাজউদ্দিন লস্করের ছেলে আফজল লস্কর, বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড এলাকার আইনুল হকের ছেলে তারিমুল হক এবং বেতুকান্দির নুরুদ্দিন লস্করের ছেলে সাহিদ লস্কর।

লস্কুটিতে তল্লাশি চালিয়ে ডিকির ভিতরে লুকিয়ে রাখা একটি কালো রঙের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলতেই বেরিয়ে আসে ২০ হাজার সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলি বাজেয়াপ্ত করে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক পাচারচক্রের সঙ্গে ধৃতদের আর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।



