বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : যাত্রী পরিষেবা আরও উন্নত, নিরাপদ ও পরিচ্ছন্ন করে তুলতে শিলচর বিমানবন্দরে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি—‘যাত্রী সেবা অভিযান’ এবং ‘স্বচ্ছতা হি সেবা’। বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এই কর্মসূচিকে ঘিরে একাধিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে ‘যাত্রী সেবা অভিযান’। শিলচর বিমানবন্দরের ডিরেক্টর অমিত কুমার সিং জানান, যাত্রীদের পরিষেবা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং সামগ্রিক যাত্রার অভিজ্ঞতা উন্নত করাই এই অভিযানের প্রধান লক্ষ্য। যাত্রীদের বিভিন্ন প্রয়োজন ও সমস্যার প্রতি আরও গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিমানবন্দরের পরিষেবা ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে, ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় বিমানবন্দর চত্বরে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য পৃথকীকরণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং স্বচ্ছতা নিয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে। পাশাপাশি বিমানবন্দরের সাফাইমিত্রদের নিরাপত্তা, কল্যাণ ও মর্যাদার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে।
এছাড়াও শিলচর বিমানবন্দরকে বরাক উপত্যকার শিল্প, সংস্কৃতি, হস্তশিল্প ও পর্যটনের পরিচয় তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিমানবন্দরে আগত যাত্রীদের কাছে বরাকের ঐতিহ্য ও বৈচিত্র্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, কর্মী, যাত্রী ও সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগিতায় এই দুই কর্মসূচি শিলচর বিমানবন্দরকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও যাত্রীবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



