রক্ষকই ভক্ষক! পাথারকান্দিতে ব্যবসায়ীর সহযোগী অপহরণ, ১৪ লক্ষ টাকা ছিনতাই, দুই পুলিশকর্মী গ্রেপ্তার, পলাতক SI

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশের বিরুদ্ধেই এবার উঠল অপহরণ ও ১৪ লক্ষ টাকা ছিনতাইয়ের গুরুতর অভিযোগ। পাথারকান্দি রেলস্টেশন থেকে এক ব্যবসায়ীর সহযোগীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশকর্মীকে গ্রেপ্তার করেছে পাথারকান্দি পুলিশ। ঘটনায় এক সাব-ইনস্পেক্টরের নামও উঠে এসেছে। তবে অভিযুক্ত এসআই এম. নংথইবা সিংহ বর্তমানে পলাতক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর শ্রীভূমির এক ব্যবসায়ী ত্রিপুরার ধর্মনগরে পৌঁছে দেওয়ার জন্য তাঁর সহযোগীর হাতে ২৫ লক্ষ টাকা দেন। ওই ব্যক্তি শিলচর-আগরতলা ট্রেনে টাকা নিয়ে যাত্রা করে দুপুর সাড়ে ১২টা নাগাদ পাথারকান্দি রেলস্টেশনে পৌঁছান।

অভিযোগ, স্টেশনে নামার পর পাঁচজন ব্যক্তি তাঁকে জোর করে একটি বোলেরো গাড়িতে তুলে চান্দখিরা এলাকার দিকে নিয়ে যায়। সেখানে তাঁর কাছ থেকে ১৪ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার তদন্তে নেমে কয়েকজন পুলিশকর্মীর সম্পৃক্ততার তথ্য সামনে আসে বলে জানা গেছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, পাথারকান্দি থানার এসআই এম. নংথইবা সিংহের নির্দেশে ল্যান্স নায়েক আনোয়ার হোসেন ও কনস্টেবল সজল শুক্লবৈদ্য সরকারি ১১২ গাড়ি ব্যবহার করে ওই ব্যক্তিকে স্টেশন থেকে নিয়ে যান বলে অভিযোগ। পরে তাঁকে মুণ্ডমালা ফিল্ডের দিকে নিয়ে গিয়ে টাকা কেড়ে নেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।

এসআই এম নংতইবা সিংহ।

অভিযুক্ত দুই পুলিশকর্মীর বাড়িতে তল্লাশি চালিয়ে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপর আনোয়ার হোসেন ও সজল শুক্লবৈদ্যকে গ্রেপ্তার করে জেলা আদালতে সোপর্দ করা হয়।

অন্যদিকে, ঘটনায় নাম উঠে আসা এসআই এম. নংথইবা সিংহ এখনও পলাতক। সরকারি ১১২ গাড়ি ব্যবহার করে এমন ঘটনার অভিযোগ সামনে আসায় পাথারকান্দি-সহ গোটা শ্রীভূমিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত কি না, ছিনতাই হওয়া অর্থের বাকি অংশ কোথায় এবং পলাতক এসআইয়ের ভূমিকা কী—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতি ও আদালতের পরবর্তী পদক্ষেপের পরই ঘটনার পূর্ণ চিত্র স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *