বরাক তরঙ্গ, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এসইউসিআই (সি) কাছাড় জেলা কমিটির উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে উকিলপট্টির জেলা কার্যালয়ের সামনে রক্তপতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী। পতাকা উত্তোলনের পর উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকরা আন্তর্জাতিক শ্রমিক সংহতির স্লোগানে পরিবেশ মুখরিত করে তোলেন।।
পরবর্তীতে জেলা কার্যালয়ের অভ্যন্তরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শ্রমিক শ্রেণির মুক্তি আন্দোলনের মহান নেতা কার্ল মার্ক্স, ফ্রেডরিখ এঙ্গেলস, ভিআই লেনিন, জেভি স্টালিন, মাও সে তুং এবং ভারতবর্ষের সর্বহারা শ্রেণির মহান নেতা ও দার্শনিক শিবদাস ঘোষের প্রতিকৃতি স্থাপন করা হয়। দলের জেলা সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ এই মহান বিপ্লবীদের প্রতিকৃতিতে মাল্যদান করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ভবতোষ চক্রবর্তী মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, “পুঁজিপতি শ্রেণির শোষণের বিরুদ্ধে এবং শ্রমিক শ্রেণির মুক্তির লক্ষ্যে আমাদের আপসহীন সংগ্রাম চালিয়ে যেতে হবে। মহান নেতাদের দেখানো পথেই মেহনতী মানুষের প্রকৃত মুক্তি সম্ভব।”
এদিনের কর্মসূচিতে জেলার অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। পাশাপাশি দলের শ্রমিক সংগঠন এআইইউটিইউসি এবং কৃষক সংগঠন এআইকেকেএমএস-এর উদ্যোগে ধোয়ারবন্দ এলাকাতেও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়।



