আফগানিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Spread the news

২ জুলাই : উত্তর-পূর্ব আফগানিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাদাখশান প্রদেশের জুর্ম জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ২১৬ দশমিক ৭ কিলোমিটার, ফলে এটি বিস্তীর্ণ এলাকায় অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভূমিকম্পটি ভারতীয় সময় রাত ১১টা ২৭ মিনিটে রেকর্ড করা হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, কম্পনের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে এবং এর গভীরতা ছিল প্রায় ১৭৩ কিলোমিটার।

ভূমিকম্পটি আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানের কিছু এলাকা এবং ভারতের জম্মু-কাশ্মীরেও অনুভূত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। তবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *