জাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপে অসমের জোড়া পদক জয়, মহিলাদের ডাবলসে সোনা

Spread the news

বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : ৩৬তম সিনিয়র জাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপে সোনা ও ব্রোঞ্জ পদক জয় করে রাজ্যের মুখ উজ্জ্বল করলেন অসমের খেলোয়াড়রা। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে গত ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মহিলাদের ডাবলস বিভাগে স্বর্ণপদক এবং পুরুষদের রেন্ড বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করে অসম।

মহিলাদের ডাবলস বিভাগে সোনাজয়ী অসম দলে ছিলেন চঞ্চন দেবী, টিএইচ প্রেমিতা সিংহা ও সঙ্গীলা মুশাহারি। উত্তেজনাপূর্ণ ফাইনালে ওডিশাকে ১৫-১১, ১২-১৫ ও ১৫-১৩ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অসমের মহিলা দল।
অন্যদিকে, পুরুষদের রেন্ড বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী অসম দলে ছিলেন অমরজিৎ সিং, এম অভিজিৎ সিং, এ প্রিন্স সিং, ইন্দ্র সিং ও বিক্রান্ত সিং। দিল্লিকে পরাজিত করে তৃতীয় স্থান দখল করে দলটি।

রাজ্যের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে দুই দলকে অভিনন্দন জানিয়েছেন অসম সেপাক টাকরো সংস্থার সচিব ড. বিষ্ণুরাম নুনিসা। খেলোয়াড়দের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, এই সাফল্য রাজ্যের আরও তরুণ খেলোয়াড়কে সেপাক টাকরো খেলায় উৎসাহিত করবে। পাশাপাশি জাতীয় স্তরে অসমের গৌরব বৃদ্ধিতেও অনুপ্রেরণা জোগাবে। অসমের এই জোড়া পদক জয়ের সাফল্যে খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন করিমগঞ্জ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সচিব এমাদ উদ্দিন।

উল্লেখ্য, অসম পুরুষ দলের কোচ ছিলেন কে রাজেন সিং এবং সহকারী কোচ এম প্রেমচন্দ্র সিং। মহিলা দলের কোচের দায়িত্বে ছিলেন পদ্মিনী সিং। দলের ম্যানেজার ছিলেন শান্তিকুমার সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *