গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি, প্রাণ গেল চালকের, গুরুতর আহত দুই যাত্রী

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : শ্রীভূমি জেলার হরিণটিলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক অটোচালক। গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পেট্রোল অটোরিকশা রাস্তার পাশের গভীর ঝোরায় উল্টে পড়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় অটোচালক-সহ তিনজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চালক কৃপেন্দ্র দাসের (৫৮)। আহত অপর দুই যাত্রী দুলন দে ও শ্যামল দাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাজারিছড়া বাজার থেকে যাত্রী নিয়ে তরজাছড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল অটোরিকশাটি। হরিণটিলা এলাকার একটি বিপজ্জনক ঢালু পথ দিয়ে নামার সময় আচমকা সামনে চলে আসে একটি গরু। গরুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে চালক অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই অটোরিকশাটি রাস্তার পাশের গভীর ঝোরায় উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। তাঁরা চালক কৃপেন্দ্র দাস এবং দুই যাত্রী দুলন দে ও শ্যামল দাসকে উদ্ধার করে মাকুন্দা খ্রিস্টিয়ান লেপ্রসি অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনজনের চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি চালক কৃপেন্দ্র দাসের। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অপর দুই যাত্রীর চিকিৎসা চলছে। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মৃত চালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। রাত হয়ে যাওয়ায় দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *