বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : নাগা সম্প্রদায়ের বিক্ষোভের মধ্যে মণিপুরের উখরুল জেলায় ইম্ফল-উখরুল সংযোগকারী জাতীয় সড়ক-২০২-এ বড়সড় পাথর ফেলে অবরোধ তৈরি হওয়ায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে যান চলাচল।
জেলার হুংপুং (Hungpung) গ্রামে এই অবরোধ গড়ে তোলা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তালুই-হুমি গ্রামে গতকালের এক মর্মান্তিক ঘটনার পর কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গ’-এর অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় নাগা বাসিন্দারা।
আজ হুংপুং গ্রামের বিক্ষোভকারীরা উখরুল শহরের সদর এলাকায় বড় বড় পাথর ফেলে রাস্তা অবরুদ্ধ করে। প্রতিবাদকারীরা জানিয়েছেন, ‘শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে ‘শত্রু’ বলতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং আসাম রাইফেলসকে বোঝানো হয়েছে বলে জানা গেছে।



