বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : শিলচর শহরতলি উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডে পৈতৃক জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় বাবা-ছেলে আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার দুপুর প্রায় ১টা নাগাদ এই ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, ছয়জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে এসে ফরহাদ ইসলাম চৌধুরীর দোকানের টিন খুলতে শুরু করেন। এতে বাধা দিলে খায়রুল ইসলাম চৌধুরী ও সারোয়ার চৌধুরী লোহার রড দিয়ে তাঁর মাথা ও পায়ে আঘাত করেন বলে অভিযোগ। চিৎকার শুনে ফরহাদের বাবা ঘটনাস্থলে ছুটে এলে তাঁকেও মারধরের চেষ্টা করা হয় বলে দাবি করা হয়েছে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
এই ঘটনায় রাঙ্গিরখাড়ি থানায় দায়ের করা এজাহারে ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ফরহাদ ইসলাম চৌধুরী।
জানা গেছে, অভিযুক্তদের সঙ্গে অভিযোগকারীর পরিবারের প্রায় চার বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি বর্তমানে শিলচর আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানা গেছে।



