বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : বন্যপ্রাণী পাচারবিরোধী অভিযানে গোলাঘাটে ৩০টি বিরল প্রজাতির জীবন্ত টোকাই গেকো উদ্ধার করেছে বনবিভাগ। একই সঙ্গে মহন্ত পেগু ওরফে ভাইটি পেগু নামে এক সন্দেহভাজন পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব অসম বন্যপ্রাণী বিভাগের বোকাখাত রেঞ্জ এবং ডিমাপুর শুল্ক (প্রতিরোধক) বিভাগের কর্মকর্তারা যৌথ অভিযান চালান। গোলাঘাটের গড়মূরের ৩৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে ৩০টি জীবন্ত টোকাই গেকো উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মহন্ত পেগুকেও আটক করা হয়। তাঁর বাড়ি বোকাখাতের ২ নম্বর বালিগাঁওয়ের আমটেঙায় বলে জানা গেছে।
মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গেকোগুলি উদ্ধার করা হয়। পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। মন্ত্রী আরও জানান, আইনি প্রক্রিয়া এবং আদালতের প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর উদ্ধার হওয়া ৩০টি টোকাই গেকো পনুর বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, অসমের বন্যপ্রাণী বিক্রির জন্য নয় এবং অবৈধ বন্যপ্রাণী পাচার রোধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে।



