শিলচর পুরনিগমের মেয়র-ডেপুটি মেয়র পদে অমরেন্দ্র-বিজেন্দ্র জুটিই প্রায় নিশ্চিত

Spread the news

বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শিলচর পুরনিগমের নতুন মেয়র পদে অমরেন্দ্র পাল এবং ডেপুটি মেয়র পদে বিজেন্দ্র প্রসাদ সিং ওরফে বাদশার নাম প্রায় চূড়ান্ত হয়েছে বলে বিজেপির দলীয় সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বৃহস্পতিবার শপথ গ্রহণের আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া শিলচরে এসে দলীয় কার্যালয়ে কাউন্সিলরদের উপস্থিতিতে দুই পদাধিকারীর নাম ঘোষণা করবেন বলে খবর।

দলীয় সূত্রের দাবি, শেষ মুহূর্তে বিশেষ কোনও পরিস্থিতির সৃষ্টি না হলে অমরেন্দ্র-বিজেন্দ্র জুটিই শিলচর পুরনিগমের নতুন নেতৃত্বের দায়িত্ব নিতে চলেছেন। তবে বুধবার সারাদিন গুয়াহাটিতে মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচন নিয়ে দলের অন্দরে যে টানাপোড়েন চলেছে, তাতে শেষ মুহূর্তে পরিবর্তনের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

জানা গেছে, মঙ্গলবার প্রথম দফার বৈঠকেই মেয়র পদে অমরেন্দ্র পালের নাম অনেকটাই চূড়ান্ত হয়ে যায়। কিন্তু ডেপুটি মেয়র পদে বিজেন্দ্র প্রসাদ সিং এবং পুলক চন্দ্র দাসের মধ্যে কাকে বেছে নেওয়া হবে, তা নিয়ে মতৈক্য তৈরি হয়নি। বুধবার ফের আলোচনা শুরু হলে নতুন করে শুরু হয় রাজনৈতিক সমীকরণের হিসেব-নিকেশ।

এদিকে, শিলচর পুর নিগমের অধিকাংশ ওয়ার্ড শিলচর বিধানসভা এলাকার অন্তর্গত হলেও উধারবন্দের কয়েকটি ওয়ার্ড এবং সোনাই ও বড়খলার কিছু অংশও এর আওতায় রয়েছে। তাই ভৌগোলিক ও রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে শিলচর ও উধারবন্দ বিধানসভা এলাকার মধ্যে মেয়র ও ডেপুটি মেয়র পদ ভাগ করে দেওয়ার চিন্তাভাবনা শুরু থেকেই ছিল।

সেই সূত্রেই শিলচরের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমরেন্দ্র পালকে মেয়র এবং উধারবন্দের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজেন্দ্র প্রসাদ সিংকে ডেপুটি মেয়র করার প্রস্তাব গুরুত্ব পায়। তবে বুধবার হঠাৎ মেয়র পদে পুলক চন্দ্র দাসের নাম সামনে আসায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এমনকি পুলককে মেয়র ও বিজেন্দ্রকে ডেপুটি মেয়র করার বিকল্প প্রস্তাবও আলোচনায় আসে। শেষ পর্যন্ত অবশ্য সেই প্রস্তাব কার্যকর হয়নি।

বুধবার রাত পর্যন্ত দলীয় স্তরে আলোচনা অব্যাহত থাকায় আনুষ্ঠানিক ঘোষণার আগে পুরোপুরি নিশ্চিত হওয়ার সুযোগ নেই। বৃহস্পতিবার দিলীপ শইকিয়ার ঘোষণার পরই শিলচর পুর নিগমের নতুন নেতৃত্ব নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *