জুবিনের স্মরণে নরসিংহপুরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান

Spread the news

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : অসম তথা উত্তর-পূর্ব ভারতের জন মানুষের হৃদস্পন্ধন হিসাবে পরিচিত বলিউডের বিখ্যাত প্লেবেক গায়ক জুবিন গর্গের প্রথম প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার নরসিংহপুরে আয়োজন করা হলো এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। নরসিংহপুর ভোলানাথ যোগাশ্রম শিব মন্দিরের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে জুবিন গর্গের গান ও সুরের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করেন শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা। নরসিংহপুরের অন্তপ্রাণ জুবিন অনুরাগীদের দ্বারা আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান তথা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভারম্ভ করা হয়। এরপর জুবিন গার্গের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর পূর্বে স্থানীয় কচিকাঁচা পড়ুয়াদের অংশগ্রহণে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী রণিত নাথ, প্রসিদ্ধি পাল ও রাজদীপ কানু-কে স্মারক সম্মাননা ও বাকীদের মেডেল দিয়ে সম্মাননা জানানো হয়। 

পরে আমন্ত্রিত অতিথি ধলাইর প্রাক্তন বিধায়ক নীহাররঞ্জন দাস জুবিন গর্গের বর্ণিল সংগীত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সেইসঙ্গে জুবিন গার্গের সম্মানে এধরণের একটি মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য নরসিংপুরের অন্তপ্রাণ জুবিন অনুরাগীদের আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানের মুখ্য উদ্যোক্তা সত্যজিৎ গোস্বামী সুমন জানান জুবিন গর্গের সৃষ্টিশীলতা ও সংগীত জগতে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেই তাদের এই আয়োজন।  তিনি বলেন, জুবিনদা আমাদের মাঝে শারীরিকভাবে হয়তো নেই, কিন্তু তাঁর গান, তাঁর আদর্শ এবং অসমের সংস্কৃতির প্রতি তাঁর অবদান প্রতিটি প্রজন্মের হৃদয়ে বেঁচে থাকবে। 

এদিন শিলচর থেকে আগত রাইজিং গ্রুপ এর শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক সঙ্গীতানুষ্ঠান উপস্থিত জুবিন প্রেমীদের মুগ্ধ করেছে। অনুষ্ঠানে জুবিন গার্গের জনপ্রিয় গান ‘মায়াবিনী রাতির বুকত’-সহ একাধিক গান পরিবেশন করা হয়। শিল্পীদের কণ্ঠে জুবিনের গান ঘিরে আবেগঘন হয়ে ওঠে গোটা অনুষ্ঠানস্থল। এদিন শিলচরের বিশিষ্ট শিল্পী বিধান লস্কর, মঞ্জুশ্রী দাস, অভয় অধিকারী, শ্যামকুমার সিনহা সহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। তাঁদের কণ্ঠে ‘এই দেহার মূল্য নাই’ ‘আইনা মন ভাঙা আইনা’, ‘ইয়া আলি’, পলিটিক্স ন করিবা বন্ধু’, ‘যদি জীবনর রঙ বুরে লুকাভাকু খেলে’ জিরিজিরি সপোন নামি আহে আজি চোখত মোর’-সহ বিভিন্ন গানের সুরে মুখরিত হয়ে ওঠে মঞ্চ। শিল্পীদের যন্ত্র সংগীতে সহযোগিতা করেন পরিমল দাস, বুবু সিংহ, শেখর দেব ও মিলন দাস। গুয়াহাটি থেকে আগত জুবিন অনুরাগী জিন্টু জিবাস ও মঞ্চে অনবদ্য সঙ্গীত পরিবেশন করে উপস্থিত সবাইকে মন্ত্রমুগ্ধ করেন। 

এদিনের অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন সত্যজিৎ গোস্বামী ওরফে সুমন, রানা দাস, সব্যসাচী নাথ, সুপ্রিম নাথ, নবেন্দু নাথ, সাগর নাথ চৌধুরী, বাপন নাথ, মৃন্ময় নাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই-নরসিংহপুর জেলা পরিষদ সদস্য পম্পী নাথ চৌধুরী, বিজেপি কাছাড় জেলা কমিটির সম্পাদিকা আইনজীবী পঞ্চমী নাথ, শ্যামাচরণপুর গ্রাম পঞ্চায়েত সভাপতি পৃথীশচন্দ্র দাস, নরসিংহপুর সাউথ জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দিবাকর সিনহা, নরসিংহপুর নর্থ জিপির পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি সজলকান্তি নাথ, শিক্ষাবিদ সচ্চিদানন্দ নাথ সরস্বতী, বিজেপি সংখ্যালঘু মোর্চার ধলাই-নরসিংহপুর মণ্ডল সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে ছাবিল হোসেন লস্কর ও আক্তার হোসেন লস্কর, সমাজসেবী খলিল উদ্দিন লস্কর সহ অন্যান্যরা।  গোটা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্থানীয় সমাজকর্মী কমলেশ দাস। জুবিনের গান ও স্মৃতিকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠান এদিন নরসিংহপুরে তৈরি করে এক আবেগঘন সাংস্কৃতিক পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *