মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : বিকাশ কুমার ধরের মর্মান্তিক মৃত্যুর পর তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মন্ত্রীর নির্দেশে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে পরিবারের পুত্র ও কন্যার হাতে মোট ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সোমবার সকালে মন্ত্রীর প্রতিনিধিরা বিকাশ কুমার ধরের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কিছু সময় কাটিয়ে গভীর সমবেদনা জানান এবং দুঃসময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এরপর মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে প্রদত্ত আর্থিক সহায়তা পরিবারের পুত্র ও কন্যার হাতে তুলে দেওয়া হয়।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, প্রিয়জনকে হারানোর বেদনা কোনও অর্থেই পূরণ করা সম্ভব নয়। তবে কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের কিছুটা আর্থিক ও মানসিক স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরিবারকে একা না থাকার আশ্বাসও দেওয়া হয়।
এদিন উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ-সভাপতি হৃষীকেশ নন্দী, লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস, সমাজসেবী অলক দে, প্রাক্তন লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্যা সহেলী দে-র প্রতিনিধি অমিতাভ দে, ওয়ার্ড সদস্য অনুপ দে-সহ অন্যান্য নেতাকর্মীরা।
এ দিকে, ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা প্রদান করায় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। তাঁর এই মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।



