বরাক তরঙ্গ, ৮ জুলাই : পূর্বাঞ্চলে প্রবল বর্ষণের পর গুয়াহাটির জোরাবাট উড়ালপুলের নিচ দিয়ে যাওয়া জাতীয় সড়ক কৃত্রিম বন্যার কবলে পড়ে। সড়কে হাঁটুসমান পানি জমে যাওয়ায় নিচের অংশ দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।
জমে থাকা জলের মধ্যে বহু যানবাহন বিকল হয়ে পড়ায় যাতায়াত ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে যায়। যদিও উড়ালপুলের ওপর দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল, তবুও উভয় দিকের সব যানবাহন একই পথ ব্যবহার করতে বাধ্য হওয়ায় এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
উল্লেখ্য, শুষ্ক মৌসুমে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে জোরাবাট এলাকার জলনিকাশির নালা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সামান্য বৃষ্টিতেই ফের কৃত্রিম বন্যার সৃষ্টি হওয়ায় সেই উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।



