১১ সেপ্টেম্বর : ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে এসে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ভোরে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। আমেরিকার নিষেধাজ্ঞার আবহে দুই রাষ্ট্রনেতার বৈঠক তাৎপূর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞদের একাংশ।
২০২২-এ ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পরে প্রথম বার রাশিয়ার বাইরে কোনও দেশে ব্রিকস সম্মেলনে যোগ দিলেন পুতিন। এ দিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী কীর্তি বর্ধন সিং।
গত ৩১ অগস্ট কিরঘিজ়স্তানে SCO সামিটের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন মোদী। সেই সময়ে ইউক্রেন সংঘাত অবিলম্বে বন্ধের করার পক্ষে সওয়াল করেছিলেন তিনি। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্টকে ব্রিকসে যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ গ্রহণ করেই তিন দিনের ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
শুক্রবার বিকেল সাড়ে তিনটেয় পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদি। সেখানে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা ক্ষেত্র নিয়ে আলোচনা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ব্রহ্মোস মিসাইলের আপডেট থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ইউনিট ডেলিভারির বিষয়গুলির উপরে জোর দেওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতকে ফিফথ জেনারেশনের Su-57 যুদ্ধবিমান কেনার প্রস্তাব দিয়েছে রাশিয়া। সেই নিয়ে আলোচনা চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
শনিবার থেকে দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ শুরু হচ্ছে অষ্টাদশ ব্রিক্স (BRICS) সম্মেলন, যা চলবে রবিবার পর্যন্ত। এই শীর্ষ সম্মেলনে পুতিন ছাড়াও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন। চিনের প্রেসিডেন্ট সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা শনিবার আসার কথা থাকলেও, একদিন আগেই ভারতে এসে পৌঁছেছেন পুতিন।



