প্রবীণ সাংবাদিক চয়ন ভট্টাচার্যকে সংবর্ধনা খোঁজের, কম্বল বিতরণ

Spread the news

বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন ‘খোঁজ শিলচর’-এর উদ্যোগে কম্বল বিতরণ এবং প্রবীণ সাংবাদিক চয়ন ভট্টাচার্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার শিলচরের গোপালগঞ্জস্থিত মুনশি কমপ্লেক্সে সংগঠনের কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিকতায় দীর্ঘদিনের অবদান ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খোঁজ শিলচরের সভাপতি ডাঃ এম মাসুম বলেন, সাংবাদিকদের কর্মনিষ্ঠা ও সমাজের প্রতি তাঁদের অবদানের স্বীকৃতি জানাতে সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া সাংবাদিকদের সম্মানিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

সংগঠনের সাধারণ সম্পাদক সজল লস্কর বিভিন্ন প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও সাংবাদিকরা যেভাবে নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে নিজেদের পেশাগত কর্তব্য পালন করে চলেছেন, তার ভূয়সী প্রশংসা করেন।

সংবর্ধনা গ্রহণ করে প্রবীণ সাংবাদিক চয়ন ভট্টাচার্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যে তিনি সাংবাদিকতা পেশার বিভিন্ন চ্যালেঞ্জ, পেশাগত দায়িত্ববোধ এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বিশিষ্ট সমাজকর্মী শিহাব উদ্দিন আহমদ, বিশিষ্ট সাংবাদিক মিলন উদ্দিন লস্কর, ঋতেন ভট্টাচার্য, দ্বিজেন্দ্রলাল দাস, সঞ্জীব সিং, কমল মজুমদার, অগ্রণী ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কু দাস, বাণী সাহা নাগসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁরা সংগঠনের ধারাবাহিক সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *