বরাক তরঙ্গ, ৮ জুলাই : টানা দু’দিনের প্রবল বর্ষণে ত্রিপুরার বিভিন্ন জেলায় বন্যা ও ভূমিধসের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির জেরে ৪১ মাইল এলাকায় অসম-আগরতলা জাতীয় সড়কের একাংশে ধস নামায় যান চলাচল ব্যাহত হয়েছে। একই সঙ্গে আমবাসা-গণ্ডাছড়া সড়কের ১৪ মাইল এলাকাতেও রাস্তার অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়েছে।
অবিরাম বৃষ্টিতে খোয়াই নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। নদীর জল উপচে তেলিয়ামুড়া পুর পরিষদসহ সংলগ্ন একাধিক ওয়ার্ড ও নিচু এলাকা প্লাবিত হয়েছে। বহু বাড়িঘরে বন্যার জল ঢুকে পড়ায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
দুর্গত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে তেলিয়ামুড়ায় সাতটি ত্রাণ ও আশ্রয় শিবির খোলা হয়েছে। স্থানীয় প্রশাসন, দুর্যোগ মোকাবিলা বাহিনী ও উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণ কার্য চালিয়ে যাচ্ছে।

এদিকে, ধলাই জেলার ছাওমনু ব্লকের ধন্যরাম কারবারি পাড়ায় টানা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৭টি পরিবার ঘরছাড়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে স্থানীয় একটি স্কুল মাঠের বিশ্রামঘরে আশ্রয় দেওয়া হয়েছে।
প্রশাসন নদী তীরবর্তী ও জলাবদ্ধ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।



