সিটুর সংসদ ভবন অভিযানের সমর্থনে শিলচরে শ্রমিক সমাবেশ

Spread the news

বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : আগামী ১ থেকে ৩ ডিসেম্বর দিল্লিতে সিটুর আহ্বানে সংসদ ভবন অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। এই অভিযানে সারা দেশ থেকে লক্ষাধিক শ্রমিক অংশগ্রহণ করবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়ার সমর্থনে শনিবার শিলচরে এক সমাবেশের আয়োজন করা হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক শ্রমিক ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হন। সেখানে উপস্থিত জনতার উদ্দেশে আন্দোলনের প্রেক্ষাপট ও শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে বক্তব্য রাখেন সুরজিৎ ঘোষ, অতীন দেব চৌধুরী, সুপ্রিয় ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃত্ব।

বক্তারা অভিযোগ করেন, একদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধি হচ্ছে না, অন্যদিকে লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাপন ক্রমশ কঠিন হয়ে উঠছে। তাঁদের বক্তব্য, শ্রমিক আন্দোলন দমনের উদ্দেশ্যে প্রচলিত শ্রম আইন বাতিল করে শ্রমকোড চালু করা হয়েছে। পাশাপাশি ভোট চুরিসহ বিভিন্ন জনবিরোধী কার্যকলাপের অভিযোগও তুলে ধরেন তাঁরা।

নেতৃবৃন্দ জানান, বৃহত্তর শ্রমিক আন্দোলনের অংশ হিসেবেই দিল্লিতে সংসদ ভবন অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে কাছাড় জেলা থেকেও শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

সমাবেশ থেকে উত্থাপিত দাবিগুলির মধ্যে রয়েছে শ্রমকোড বাতিল, মাসিক ন্যূনতম মজুরি ৪২ হাজার টাকা নির্ধারণ, মাসিক পেনশন ২১ হাজার টাকা করা, প্রকল্প কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি প্রদান, নির্মাণ শ্রমিক কল্যাণ পরিষদ অক্ষুণ্ণ রাখা, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং চা শ্রমিকদের জমির পাট্টা প্রদান। এদিকে, সমাবেশের আগে প্রশাসনের কাছে আবেদন জানানো সত্ত্বেও মিছিলের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *