৩১ মে শিলচরে জেলা ভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতা

Spread the news

বরাক তরঙ্গ, ২২ মে : গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ মে শিলচরের গভর্নমেন্ট গার্লস’ হায়ার সেকেন্ডারি স্কুলে জেলা ভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এই প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে অসম লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড; এবছর এটি অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটির চতুর্থ সংস্করণ হিসেবে। শুক্রবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার সমন্বয়ক ভাস্কর দাস অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, তরুণ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চর্চাকে উসকে দেওয়া এবং এই অঞ্চলের রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্যের সমৃদ্ধ ঐতিহ্যকে সংরক্ষণ ও এগিয়ে নিয়ে যাওয়াই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। তিনি বিশেষভাবে হোজাই-এর বিধায়ক শিলাদিত্য দেবকে ধন্যবাদ জানান।প্রতিটি জেলা থেকে নির্বাচিত ১৮ জন করে প্রতিযোগী পরবর্তীতে গৃহীত গুয়াহাটিতে অনুষ্ঠিত তিন দিনের উৎসবে অংশগ্রহণ করবেন, জানান সংগঠনের সভাপতি বিভাস দেব।

কার্যকরী সভাপতি অপ্রতিম নাগ জানান, আগামী ৫ জুনের মধ্যে সমস্ত জেলার প্রতিযোগিতা সম্পন্ন করা হবে—এটাই তাদের লক্ষ্য। সংগঠনের অন্যতম সদস্য সন্দীপন দত্ত পুরকায়স্থ বলেন, গত বছর উইমেন্স কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রায় ৫৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এবং এবছর আরও বেশি অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিনায়ক চৌধুরী, দীপক নাথ, বিভাস দেব, ঝিমলি নাথ, অভ্রজিত চক্রবর্তী (ঝলক), আইনজীবী জয়দীপ বিশ্বাস, অনিমেষ দে, পরিতোষ চক্রবর্তী ও প্রসেনজিৎ পাল। সকলেই অনুষ্ঠানের সাফল্য কামনা করেন এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *