বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : ডিব্রুগড় জেলার চাবুয়া সহ-জেলার বালিজান এলাকায় শনিবার সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদীতে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চার যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রয়েছেন সুরজিৎ ঘোষ, অভি সাহিল, বাবু ঘোষ ও সত্রজিত ঘোষ। তবে তাঁদের সঙ্গে থাকা আরও এক যুবক কোনওক্রমে প্রাণে বেঁচে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল প্রায় ৫টা নাগাদ পাঁচ যুবক ব্রহ্মপুত্রের তীরে যান। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর তাঁরা নদীতে স্নান করতে নামেন। আচমকা প্রবল স্রোতে চারজন ভেসে যান। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে। রাত পর্যন্ত তাঁদের কোনও সন্ধান মেলেনি।
চার যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।



