বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার প্রকল্পের অনুমোদিত নকশা, দৈর্ঘ্য ও নির্মাণের পরিসর পরিবর্তনের সম্ভাবনাকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আইনি প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে এবার জনস্বার্থ মামলার প্রস্তুতি শুরু করলেন শিলচরের আইনজীবী ধর্মানন্দ দেব। শনিবার ভারতীয় সংবিধানের ২২৬ অনুচ্ছেদের অধীনে গৌহাটি হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়েরের প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিনি অসম সরকারের পাঁচজন দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিককে প্রাক্-মামলা আইনি নোটিশ পাঠিয়েছেন।
PIL-এর আগে পাঁচ সরকারি আধিকারিককে আইনজীবী ধর্মানন্দ দেবের প্রাক্-মামলা নোটিশ, মূল DPR, মাটি পরীক্ষা, পাইল লোড টেস্টের পূর্ণাঙ্গ রিপোর্ট ও ২০ নভেম্বরের বৈঠকের কার্যবিবরণী তলব
নোটিশটি পাঠানো হয়েছে অসম সরকারের মুখ্যসচিব, পূর্ত বিভাগের (সড়ক) কমিশনার ও বিশেষ সচিব, পূর্ত বিভাগের মুখ্য বাস্তুকার, শিলচর-উধারবন্দ টেরিটোরিয়াল ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ এবং কাছাড়ের জেলা কমিশনারকে। নোটিশে প্রকল্পের মূল অনুমোদন, কারিগরি ভিত্তি, নকশা পরিবর্তনের প্রস্তাব, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং সরকারি অর্থের ব্যবহারের বিষয়ে মোট ২১টি পৃথক প্রশ্নের উত্তর ও সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার প্রকল্পের শিলান্যাস করেন। প্রায় ৩.৫ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডর হিসেবে প্রকল্পটি ঘোষিত হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের ৬ অক্টোবর অসম মন্ত্রিসভা জাতীয় সড়ক NH-306-এর ট্রাঙ্ক রোডের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত প্রথম পর্যায়ের কাজের জন্য ৫৬৪.৫০ কোটি টাকার প্রশাসনিক অনুমোদন দেয়। এই অর্থের মধ্যে জমি অধিগ্রহণের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
কিন্তু সম্প্রতি প্রকল্পটির মূল দৈর্ঘ্য ও নির্মাণের পরিসর নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। গত ২০ নভেম্বর কাছাড়ের জেলা কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত একটি পর্যালোচনা বৈঠকে মূল ৩.৫ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডরের পরিবর্তে প্রায় ৫৪২ মিটার ও ৫০০ মিটারের দু’টি পৃথক অংশে নির্মাণকাজ সীমাবদ্ধ রাখার একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ, মূল পরিকল্পনায় ঘোষিত দীর্ঘ করিডরের পরিবর্তে অপেক্ষাকৃত ছোট দুটি পৃথক অংশ নির্মাণের সম্ভাবনা পর্যালোচনায় এসেছে।

এই প্রস্তাবের যথার্থতা, উৎস এবং প্রশাসনিক বৈধতা নিয়েই আইনজীবী ধর্মানন্দ দেবের মূল আপত্তি ও প্রশ্ন। তাঁর বক্তব্য, একটি গুরুত্বপূর্ণ জনপরিকাঠামো প্রকল্পের অনুমোদিত দৈর্ঘ্য, অ্যালাইনমেন্ট ও নির্মাণের পরিসর পরিবর্তনের প্রস্তাব কীসের ভিত্তিতে সামনে আনা হচ্ছে, তা জনসমক্ষে স্পষ্ট হওয়া প্রয়োজন। মূল প্রকল্প বাস্তবায়নে যদি কোনও ভূতাত্ত্বিক, প্রকৌশলগত কিংবা অন্য কোনও কারিগরি বাধা থাকে, তবে তার সমর্থনে স্বীকৃত বিশেষজ্ঞদের সমীক্ষা, পরীক্ষার ফলাফল এবং পূর্ণাঙ্গ কারিগরি প্রতিবেদন কোথায়? কোন কর্তৃপক্ষ এই পরিবর্তনের প্রস্তাব দিয়েছে, কোন স্তরে তা পর্যালোচনা করা হয়েছে এবং মন্ত্রিসভার অনুমোদিত প্রকল্পের পরিসর পরিবর্তনের জন্য কী প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, তারও লিখিত ব্যাখ্যা দাবি করেছেন তিনি।
বিশেষভাবে ২০ নভেম্বরের পর্যালোচনা বৈঠককে ঘিরে একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে। বৈঠকের পূর্ণাঙ্গ কার্যবিবরণী, উপস্থিত আধিকারিক ও সদস্যদের তালিকা, আলোচ্যসূচি, গৃহীত সিদ্ধান্ত, সুপারিশ এবং সংশ্লিষ্ট নির্দেশের অনুলিপি চাওয়া হয়েছে। একই সঙ্গে মূল ৩.৫ কিলোমিটার প্রকল্পের পরিবর্তে দুটি ছোট অংশ নির্মাণের প্রস্তাবটি কার তরফে উত্থাপিত হয়েছিল, কোন কারিগরি মূল্যায়নের ভিত্তিতে তা বিবেচিত হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কি না, তা স্পষ্ট করার দাবি জানানো হয়েছে।

আইনি নোটিশে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে। অসম সরকারের টেন্ডার পোর্টালে প্রকাশিত Tender ID 2025_PWD_47392_1 অনুযায়ী, ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত প্রথম পর্যায়ের কাজের টেন্ডার মূল্য ছিল প্রায় ৩৯৯.৩০ কোটি টাকা। টেন্ডার বিজ্ঞপ্তির তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫ এবং পোর্টালে প্রকাশের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৫। অথচ সংশ্লিষ্ট প্রকল্পের জন্য মন্ত্রিসভার প্রশাসনিক অনুমোদন দেওয়া হয় ৬ অক্টোবর ২০২৫। ফলে মন্ত্রিসভার ওই অনুমোদনের আগেই কোন প্রশাসনিক অনুমোদন, আর্থিক ছাড়পত্র ও ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে টেন্ডার আহ্বান করা হয়েছিল, তার নথিভিত্তিক ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রিসভা অনুমোদিত ৫৬৪.৫০ কোটি টাকা এবং টেন্ডারের ৩৯৯.৩০ কোটি টাকার মধ্যবর্তী পার্থক্যের প্রকৃত হিসেবও প্রকাশের দাবি জানানো হয়েছে।
নোটিশে মূল Detailed Project Report (DPR), প্রশাসনিক অনুমোদন, মূল অ্যালাইনমেন্টের কারিগরি সম্ভাব্যতা যাচাই, মাটি পরীক্ষার পূর্ণাঙ্গ তথ্য, Soil Investigation Report, বোরহোল লগ, পাইল লোড টেস্টের সম্পূর্ণ রিপোর্ট এবং সংশ্লিষ্ট প্রকৌশলগত মূল্যায়ন চাওয়া হয়েছে। প্রকল্পের কোনও Revised DPR, পরিবর্তিত নকশা কিংবা নতুন অ্যালাইনমেন্ট তৈরি করা হয়ে থাকলে তার অনুলিপিও চাওয়া হয়েছে।
এছাড়া টেন্ডারের বর্তমান অবস্থা, দরপত্র মূল্যায়ন, কার্যাদেশ, চুক্তিপত্র, বিডের মেয়াদ বৃদ্ধি বা বাতিলের তথ্য, জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ ১০০ কোটি টাকার ব্যবহার, NH-306-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি এবং প্রকল্পের ব্যয় ও আর্থিক দায়বদ্ধতার বিবরণ চাওয়া হয়েছে।

প্রস্তাবিত জনস্বার্থ মামলার প্রস্তুতির ক্ষেত্রে তিনটি নথিকে বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ধর্মানন্দ দেব। এগুলি হল, মন্ত্রিসভা অনুমোদিত মূল DPR ও প্রশাসনিক অনুমোদন, পাইল লোড টেস্টের সম্পূর্ণ ও প্রামাণ্য রিপোর্ট এবং ২০ নভেম্বরের পর্যালোচনা বৈঠকের পূর্ণাঙ্গ কার্যবিবরণী ও সিদ্ধান্ত। নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে এই নথিগুলি-সহ উত্থাপিত প্রশ্নগুলির লিখিত উত্তর দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রকল্প-সংক্রান্ত সমস্ত মূল নথি, ডিজিটাল রেকর্ড, ই-মেল, কারিগরি প্রতিবেদন ও বৈঠকের রেকর্ড সংরক্ষণের অনুরোধ জানানো হয়েছে, যাতে পরবর্তীতে কোনও নথি পরিবর্তন, নষ্ট বা গোপন করার অভিযোগ না ওঠে।
আইনজীবী ধর্মানন্দ দেবের বক্তব্য, শিলচরের ফ্লাইওভার কোনও সাধারণ নির্মাণ প্রকল্প নয়। এর সঙ্গে শহরের ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থা, যানজট নিরসন, জনস্বার্থ এবং বিপুল পরিমাণ সরকারি অর্থের প্রশ্ন জড়িত। তাই মন্ত্রিসভা অনুমোদিত প্রকল্পের দৈর্ঘ্য ও পরিসর পরিবর্তনের কোনও উদ্যোগ নেওয়া হলে তার পেছনে যথাযথ কারিগরি যুক্তি, নথিভুক্ত প্রশাসনিক সিদ্ধান্ত এবং আইনসম্মত অনুমোদন থাকা অপরিহার্য। শুধু পর্যালোচনা বৈঠকে আলোচনা বা প্রস্তাবের ভিত্তিতে এত গুরুত্বপূর্ণ প্রকল্পের মূল পরিকল্পনা পরিবর্তন করা যায় কি না, সেই প্রশ্নেরও স্বচ্ছ উত্তর প্রয়োজন।
তিনি আরও জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব ও চাওয়া নথিপত্র না পেলে অথবা প্রকল্পের পরিসর পরিবর্তনের পক্ষে যথাযথ আইনগত ও কারিগরি ভিত্তি পাওয়া না গেলে তিনি গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়ে জনস্বার্থ মামলা দায়েরের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
তাঁর বক্তব্য, শিলচরের মানুষ জানতে চান, তাঁদের জন্য ঘোষিত এবং মন্ত্রিসভা অনুমোদিত প্রায় ৩.৫ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার প্রকল্পের ভবিষ্যৎ কী? কেন মূল প্রকল্পের পরিবর্তে দুটি ছোট অংশ নির্মাণের প্রস্তাব সামনে আসছে? এই পরিবর্তনের কারিগরি ভিত্তি কী এবং সিদ্ধান্ত গ্রহণের আইনগত কর্তৃত্ব কার হাতে? এই প্রশ্নগুলির উত্তর কোনও মৌখিক আশ্বাসে নয়, সরকারি নথি ও প্রামাণ্য তথ্যের ভিত্তিতেই জনসমক্ষে আসা উচিত।



