বরাক তরঙ্গ, ২২ মে : যথাযোগ্য মর্যদায় ১৯ মে বাংলা ভাষা শহিদ দিবস উদযাপিত হলো রাধামাধব কলেজে। কলেজের সাংস্কৃতিক কোষ-এর উদ্যোগে আয়োজিত হয় শহিদ তর্পণ অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের শুরুতে অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান দেবাশিস রায়।
১৯ মে ভাষা শহিদ দিবস নিয়ে এদিন অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড০ কালীপদ দাস। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ১৯৬১ সালের বাংলা ভাষার অধিকার আদায়ের লড়াইয়ের ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, এই আন্দোলন শুধুমাত্র বাংলা ভাষার অধিকার আদায়ের লড়াই ছিল না। এটি আসলে ছিল সকল মাতৃভাষার অধিকার আদায়ের লড়াই। তাই এই আন্দোলনে বাংঙালিদের সাথে অন্যান্য ভাষোগোষ্ঠীর লোকেরাও সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তিনি আরও বলেন যে, বাঙালির আত্মঘাতী চরিত্রের জন্যই বাংলা ভাষা ও সংস্কৃতি সংকটের মুখে দাঁড়িয়ে। কলেজের অভ্যন্তরীণ গুণগত মান নিশ্চয়তা কোষ (IQAC)-এর কোঅর্ডিনেটর ড০ রাহুল শরণীয়া তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সকল ভাষাগোষ্ঠীর মধ্যে ঐক্য থাকা খুব জরুরী। একে অপরের ভাষা ও সংস্কৃতিকে সম্মান জানানো উচিৎ। ১৯ মে বাংলা ভাষা শহিদ দিবস উদযাপনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড০ সূর্যসেন দেব। তিনি বলেন, শুধুমাত্র বাংলা নয় অন্যান্য ভারতীয় ভাষাও আজ সংকটের মুখে। ১৯ মে-র উদযাপন শুধুমাত্র শহিদদের শ্রদ্ধার্ঘ অর্পণ নয়, একই সাথে নতুন প্রজন্মের কাছে ১৯ মে-র চেতনার বার্তা পৌঁছে দেওয়া। এই উদযাপনের অংশীদার হয়ে তার ১৯৬১ সালে একাদশ শহিদের আত্মবলিদানের বিনিময়ে মাতৃভাষার অধিকার অর্জন করার আন্দোলনের ইতিহাস জানতে পারবে। ভবিষ্যতে তারাই এই পতাকা বহন করে নিয়ে যাবে। দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড০ রুমা নাথচৌধুরী বলেন, বাংলা ভাষা খুবই সমৃদ্ধ ভাষা। ইংরাজি মাধ্যম স্কুলে পড়ালেও প্রত্যেক অভিভাবকদেরই উচিত নিজেদের সন্তানদের বাংলা ভাষা শেখানো। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নম্রতা নাথ বলেন, বাংলা ভাষা যেমন সমৃদ্ধ তেমনি সমৃদ্ধ বাংলা সাহিত্যও। অথচ বাঙালি ছেলেমেয়ার আজকাল বাংলায় কথা বলতে অনীহা প্রকাশ করে। তা খুবই পরিতাপের বিষয়। কলেজের গ্রন্থাগারিক ড০ সোনালী চৌধুরী বলেন, বাংলা ভাষা যে সম্মান পাওয়া উচিৎ ছিল তা পায়নি বা পাচ্ছে না। সকল বাঙালিকেই নিজের মাতৃভাষা বাংলার সম্মান করা উচিত ও শেখা উচিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাধামাধব কলেজের সাংস্কৃতিক কোষ-এর আহ্বায়ক সুরভী ঘোষ। অনুষ্ঠানে দুটি এক সঙ্গীত পরিবেশন করেন ইংরেজি বিভাগের অতিথি অধ্যাপক বৈশালী চক্রবর্তী।
এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের দ্বারা ১৯ মে ভাষা শহিদ দিবস বিষয়ক চিত্রও প্রদর্শন করা হয়। কলেজে অনুষ্ঠান থেকেই কলেজের অধ্যাপক ও ছাত্র-ছাত্রীদের এক প্রতিনিধি দল শিলচর গান্ধীবাগে উপস্থিত হয়ে ভাষা শহিদদের শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড০ জীবন দাস, সহকারী অধ্যাপক ড০ বিধান বর্মন, অতিথি অধ্যাপক অর্চিস্মিতা রায়, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণালী রায়চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শবনম সরংসা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অরুণাভ ভট্টাচার্য, বাণিজ্য বিভাগের আশিস তরু রায়, বাংলা বিভাগের অতিথি অধ্যাপক ড০ সুমিতা বোস, চারুকলা বিভাগের অতিথি অধ্যাপক সহেলী ভট্টাচার্য প্রমূখ।



