শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানের পাশে বিদেশি মদের রিটেল আউটলেট খোলাকে কেন্দ্র করে শনিবার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কাটিগড়ার সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ডের স্থানীয় বাসিন্দারা। ৬ নম্বর জাতীয় সড়ক থেকে মাত্র ১০০ মিটার দূরে, কাটিগড়া-হরিনগর পূর্ত সড়ক সংলগ্ন সিদ্ধেশ্বর মহাশ্মশান ঘাট কালীবাড়ির সদর গেটের সামনে সজল দেবের নবনির্মিত দ্বিতল ভবনে এই আউটলেট চালু করা হয়েছে বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, আউটলেটের ২০০ মিটারের মধ্যে রয়েছে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি সিদ্ধেশ্বর উচ্চমাধ্যমিক বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে। কাছেই রয়েছে সিদ্ধেশ্বর মহাশ্মশান ঘাট কালীবাড়ি, সত্যনারায়ণ মন্দির এবং সিনিয়র সিটিজেন ফোরামের কার্যালয়।

এলাকার সামাজিক ও ধর্মীয় পরিবেশ এবং যুবসমাজের ভবিষ্যতের কথা বিবেচনা করে অবিলম্বে আউটলেটটি বন্ধ করে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে কাটিগড়া সার্কল অফিসারের হাতে স্মারকপত্র তুলে দেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। দাবি পূরণ না হলে পুরুষ, মহিলা ও ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী মনোরঞ্জন দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার, সাংবাদিক অমলেন্দু মালাকার, প্রণব মালাকার সহ হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।



