মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : নারীশিক্ষার প্রসার, বাল্যবিবাহ রোধ এবং ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে অসম সরকারের ‘মুখ্যমন্ত্রীর নিযুত ময়না’ প্রকল্পের আওতায় পাথারকান্দি কেন্দ্রের লোয়াইরপোয়া ব্লকের শিবেরগুল মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক ছাত্রীর হাতে প্রকল্পের প্রপত্র তুলে দেওয়া হয়।
ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্কুল পরিচালন সমিতির সভানেত্রী অর্পণা সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া জেলা পরিষদের সদস্য স্বপন দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ রাজীব পাল, বরিষ্ঠ শিক্ষক রঞ্জিত নাথ, কার্তিক সিনহা, লোয়াইরপোয়া গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী বর্ণালী সিনহা, পরিচালন সমিতির সদস্য-সদস্যা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিপুল সংখ্যক ছাত্রী।

বক্তব্য রাখতে গিয়ে স্বপন দাস বলেন, নারীশিক্ষার প্রসার একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে চালু হওয়া ‘নিযুত ময়না’ প্রকল্প আর্থিক সহায়তার পাশাপাশি ছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে উৎসাহ জোগাচ্ছে এবং বাল্যবিবাহ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, আর্থিক সমস্যার কারণে একসময় বহু মেধাবী ছাত্রী পড়াশোনা মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হতেন। সরকারি সহায়তার ফলে বর্তমানে প্রত্যন্ত এলাকার ছাত্রীরাও উচ্চশিক্ষার পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে।

স্বপন দাস পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে এলাকার শিক্ষা পরিকাঠামোর উন্নয়নের কথাও তুলে ধরেন। ছাত্রীদের উদ্দেশে তিনি সরকারি সুযোগের সদ্ব্যবহার করে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বক্তারা ‘নিযুত ময়না’ প্রকল্পকে নারীশিক্ষা, স্বনির্ভরতা ও সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। সভানেত্রী অর্পণা সূত্রধরের ধন্যবাদজ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



