বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : দীপাবলি উৎসবের আনন্দের মধ্যেই প্রকৃতির রুদ্ররূপের সাক্ষী থাকল ত্রিপুরার গোমতী জেলা। সোমবার বিকেল প্রায় ৪টা ১০ মিনিট নাগাদ আচমকা প্রবল ঝড় ও তুফানের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় উদয়পুরের ঐতিহ্যবাহী মাতাবাড়ি মন্দির চত্বর-সহ বিস্তীর্ণ এলাকায়। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে দীপাবলি উপলক্ষে নির্মিত একাধিক আলোকসজ্জার গেট। ক্ষতিগ্রস্ত হয় মেলার দোকানপাট, সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশাল মঞ্চ, এলইডি স্ক্রিন এবং অত্যাধুনিক সাউন্ড সিস্টেম। এই প্রাকৃতিক দুর্যোগের জেরে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল প্রায় ৪টা ১০ মিনিট নাগাদ হঠাৎ করেই শুরু হয় ঝড়ের তাণ্ডব। কোনও আগাম আবহাওয়ার পূর্বাভাস ছাড়াই শুরু হওয়া এই ঝড় প্রায় ৪০ মিনিট থেকে এক ঘণ্টা স্থায়ী হয়। প্রবল বেগে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ায় মুহূর্তের মধ্যেই মেলা প্রাঙ্গণের একাধিক অস্থায়ী কাঠামো, সাজসজ্জা ও আলোকসজ্জা ভেঙে পড়ে। এতে উৎসবের প্রস্তুতি কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন মেলায় দোকান সাজিয়ে বসা ক্ষুদ্র ব্যবসায়ীরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীদের অনেকেই দীপাবলির আগের দিন ভালো বিক্রি হওয়ায় সোমবার আরও বেশি ব্যবসার আশায় আগের তুলনায় দ্বিগুণ পরিমাণ সামগ্রী নিয়ে দোকান সাজিয়েছিলেন। কিন্তু আচমকা ঝড়ের দাপটে তাঁদের দোকানের পসরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে এবং বহু সামগ্রী নষ্ট হয়ে যায়।

উৎসবের মরশুমে এমন আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। দীপাবলিকে কেন্দ্র করে ভালো ব্যবসার যে আশা তাঁরা করেছিলেন, ঝড়ের তাণ্ডবে তা কার্যত ভেস্তে যায়। মন্দির চত্বর ও মেলা প্রাঙ্গণের ব্যাপক ক্ষয়ক্ষতিতে উৎসবের আনন্দের মাঝেই নেমে আসে বিষাদের ছায়া।



