কাছাড়ে ‘হর ঘর তিরঙ্গা’ ও ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালনে চূড়ান্ত প্রস্তুতি

Spread the news

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান এবং ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালনের প্রস্তুতি জোরদার করেছে কাছাড় জেলা প্রশাসন। কর্মসূচিগুলি সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত রাহুলকুমার গুপ্তার সভাপতিত্বে জেলা আয়ুক্ত কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসন, পুলিশ, শিলচর পৌর নিগম, শিক্ষা বিভাগ, ASRLM, NULM, জেলা পরিষদ, স্বনির্ভর গোষ্ঠী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান, সমবেতভাবে ‘বন্দে মাতরম’ গাওয়া এবং আগামী ১৪ আগস্ট ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শহর ও গ্রামাঞ্চলে কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলির মধ্যে দায়িত্বও বণ্টন করা হয়েছে।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ আগস্ট থেকে জেলার ১৫টি উন্নয়ন খণ্ড এবং প্রতিটি শহুরে ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে তিরঙ্গা বিক্রয়কেন্দ্র চালু হবে। গোলদিঘি মলসহ শিলচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকাতেও বিশেষ বিক্রয়কেন্দ্র স্থাপন করা হবে।
অভিযান চলাকালীন জেলার সরকারি ভবন, বিভিন্ন সরকারি দপ্তর, অমৃত সরোবর এবং জল জীবন মিশনের পরিকাঠামো আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে। পাশাপাশি শহর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মূর্তি পরিষ্কার করে সজ্জিত করার উদ্যোগ নেওয়া হবে।

বেসরকারি হাসপাতাল, হোটেল, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্প সংস্থাগুলিকেও Flag Code of India মেনে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা ও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা সংশ্লিষ্ট সব বিভাগ ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় পতাকার মর্যাদা ও বিধি মেনে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *