বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : সেনাপতি জেলায় দুই কুকি যুবকের হত্যাকাণ্ডের তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র (NIA) হাতে তুলে দিয়েছে মণিপুর সরকার। সোমবার এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং।

নিহত দুই যুবক পাওগিনলাল হাংশিং ও টিংগিনলুন চংলোইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী এই কথা জানান। গত ১ নভেম্বর সেনাপতি জেলায় তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়। এর কয়েক দিন আগে প্রতিবেশী কাঙপোকপি জেলা থেকে নিখোঁজ হয়েছিলেন তাঁরা।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে গ্রেফতার করা হবে। তবে তদন্ত সম্পূর্ণ করতে কিছুটা সময় লাগতে পারে বলেও তিনি জানান। পাশাপাশি তদন্তের স্বার্থে সাধারণ মানুষের কাছে সহযোগিতার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

সাক্ষাৎকালে নিহতদের পরিবারের সদস্যরা সুশীল সমাজের বিভিন্ন সংগঠনের (CSO) সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ার পাশাপাশি যত দ্রুত সম্ভব দুই যুবকের শেষকৃত্য সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের দাবি জানান।




