বরাক তরঙ্গ, ৯ আগস্ট : অবৈধ মাদক ও নিষিদ্ধ সামগ্রীর চোরাচালানের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে কাছাড় জেলায় প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকা মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত করল আসাম রাইফেলস। কাছাড় কাস্টমস বিভাগের সঙ্গে যৌথভাবে রবিবার, ৯ আগস্ট লাতিগ্রামে অভিযানটি চালানো হয়। এলাকাটি শ্রীকোণা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত। অভিযানে ৪ লক্ষ ৫০ হাজার স্টিক সিগারেট এবং ৫০০ কেজি পোস্তদানা বাজেয়াপ্ত করা হয়েছে। জব্দ করা সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।
অভিযান চলাকালে একটি পণ্যবাহী কনটেনার গাড়ি এবং দু্’টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পাশাপাশি বাজেয়াপ্ত করা সমস্ত সামগ্রী পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কাছাড় কাস্টমস বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র এক সপ্তাহের মধ্যে মাদক ও নিষিদ্ধ সামগ্রী চোরাচালানের বিরুদ্ধে এটি তৃতীয় উল্লেখযোগ্য অভিযান। এর আগে পৃথক দুটি অভিযানে যথাক্রমে প্রায় ২৫ লক্ষ টাকা এবং ১ কোটি ৬৭ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছিল।

সাম্প্রতিক এই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী উদ্ধারের ফলে উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় অবৈধ মাদক ও চোরাচালান চক্রের সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা লেগেছে বলে মনে করা হচ্ছে। মাদক ও নিষিদ্ধ সামগ্রীর চোরাচালান রুখতে আসাম রাইফেলসের ধারাবাহিক অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।



