বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : বেঙ্গালুরুতে কর্মরত অবস্থায় বহুতলের ৯ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো উধারবন্দের দুর্গানগর ষষ্ঠ খণ্ডের চালিতাতলা এলাকার বাসিন্দা এনামুল হক মজুমদারের (৩১)। মৃত্যুর চারদিন পর সোমবার তাঁর মরদেহ বাড়িতে পৌঁছায়। এদিন সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে জানাজার নামাজ শেষে তাঁকে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, আলি আহমদ মজুমদারের দ্বিতীয় পুত্র এনামুল হক প্রায় ১০ বছর ধরে বেঙ্গালুরুতে রংমিস্ত্রির কাজ করতেন। গত শুক্রবার বেলা আনুমানিক ১১টা নাগাদ কর্মস্থলে বহুতলের ৯ তলা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। এই আকস্মিক মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সোমবার বিকেল ৩টা ১৫ মিনিট নাগাদ শিলচর বিমানবন্দরে তাঁর মরদেহ এসে পৌঁছায়। সেখান থেকে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হলে শেষবারের মতো তাঁকে দেখতে ভিড় জমান আত্মীয়স্বজন ও এলাকার মানুষ। পরে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে জানাজার নামাজ শেষে তাঁকে সমাহিত করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসন্তান এবং প্রতিবন্ধী এক পুত্রসন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে স্ত্রী-সন্তানসহ গোটা পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এনামুলের অকাল প্রয়াণে দুর্গানগর ও আশপাশের এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে।



