শ্রীভূমিতে আসন্ন স্বাধীনতা দিবস পালনে ‘হর ঘর তিরঙ্গা’ ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর উপলক্ষেও কার্যক্রম

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট :
শ্রীভূমি জেলায়ও আসন্ন স্বাধীনতা দিবস পালন উপলক্ষে হয় ঘর তিরঙ্গা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘হর ঘর তিরঙ্গা ২০২৬’ অভিযান সফলভাবে বাস্তবায়নের জন্য একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বছরের অভিযানটি ‘বন্দে মাতরম’ সঙ্গীতের ১৫০ বছর পূর্তি এবং ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ স্মরণের ভাবধারায় অনুষ্ঠিত হবে।

শুক্রবার শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী এক সংবাদ সম্মেলনে মিলিত হয়ে কার্যসূচি জানিয়ে দেন। অভিযানের মূল উদ্যোগ ও কর্মসূচিতে ফ্ল্যাগ কোড মেনে এএসআরএলএম এর অধীনের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ৩০টি স্থানে পতাকা সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। এএসআরএলএম ও এনইউএলএম-এর তত্ত্বাবধানে ৩০টিরও বেশি তিরঙ্গা বিক্রয় কেন্দ্র খোলা হচ্ছে, যেখানে সর্বনিম্ন ২১,০০০টি পতাকা প্রাপ্তি নিশ্চিত করা হবে। এতে ৯ থেকে ১৫ আগস্টের মধ্যে জেলার সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, হাসপাতাল, রেলওয়ে স্টেশন ও চা-বাগান সহ বিভিন্ন পাবলিক স্পেসে তিরঙ্গা আলো এবং ‘বন্দে মাতরম’ থিমের তেরঙা রঙ্গোলি দিয়ে সাজানো হবে। পাশাপাশি, ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলিতে শিক্ষার্থী-পরিচালিত ‘হর ঘর তিরঙ্গা ও বন্দে মাতরম’ বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হবে। এতে ১০ আগস্ট সকাল ১০টায় জেলা আয়ুক্ত কার্যালয় থেকে সার্কিট হাউস রোড হয়ে ডিস্ট্রিক্ট লাইব্রেরি, এসবিআই পয়েন্ট ও মেইন রোড হয়ে এক জেলাভিত্তিক ‘তিরঙ্গা শোভাযাত্রা’ অনুষ্ঠিত হবে। ১০ থেকে ১৩ আগস্টের মধ্যে ব্লক ও পঞ্চায়েত পর্যায়ে এবং ১২ আগস্ট সার্কিট হাউস থেকে শহিদ বেদী পর্যন্ত বাইক ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হবে।

এদিকে, ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত নাগরিক, শিক্ষার্থী ও সরকারি কর্মচারীদের harghartiranga.com ওয়েবসাইটে তিরঙ্গা স্যালুটসহ সেলফি আপলোড করতে উৎসাহিত করা হচ্ছে। এতে ১৩ আগস্ট জেলা আয়ুক্ত কার্যালয়ে দেশাত্মবোধক গান ও ‘বন্দে মাতরম’-এর গণসংগীত পরিবেশনের মাধ্যমে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৪ আগষ্ট দেশভাগ বিভীষিকা স্মৃতি দিবস উপলক্ষে বিকাল ৫ টায় জেলা আয়ুক্ত কার্যালয়ে ডকুমেন্টারি প্রদর্শনীর পর একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে। এদিকে ১৩ ও ১৪ আগস্ট দেশ ভাগ বিভীষিকা স্মৃতি দিবসের উপর শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ প্রদর্শনী, বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করতে এবং যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা জনগণের বাস ভবন সহ প্রতি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উত্তোলন করতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে।

এদিকে এই কার্যসূচি সফল করে তুলতে প্রশাসনের উদ্যোগে সব বিভাগকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। জেলা আয়ুক্তের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সব বিভাগ কে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *