বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : আগামী ১২ নভেম্বর রাজ্যজুড়ে ২৪ ঘণ্টার জন্য পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা করেছে নর্থ ইস্ট ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। ডিলারদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এই বন্ধের ডাক দিয়েছে সংগঠনটি। মূলত তেল বিপণন সংস্থাগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনের সভাপতি রাজীব গোস্বামী এবং সাধারণ সম্পাদক অরূপ গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ নভেম্বর সকাল ৬টা থেকে ১৩ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার ‘নো পারচেজ, নো সেল’ কর্মসূচি পালন করা হবে। অর্থাৎ এই সময়ের মধ্যে তেল ডিপোগুলি থেকে তেল কেনা এবং বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখবেন সংগঠনের সদস্য ডিলাররা।
সংগঠনের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসিএল), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (এইচপিসিএল) পেট্রোলিয়াম ডিলারদের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করছে। বিভিন্ন ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি কোনও অভিযোগের ক্ষেত্রে ডিলারদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই পেট্রোল ও ডিজেলের সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ সংগঠনের।

সংগঠনটি মোট ছয়টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে ট্যাঙ্কার পরিবহণের কনসোর্টিয়াম ব্যবস্থা বাতিল, তেল সরবরাহ বন্ধের হুমকি প্রত্যাহার, ডিলারদের উপর লুব্রিক্যান্ট কেনার জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি বন্ধ, ডিলারদের এসএপি অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়া অর্থ কেটে নেওয়া বন্ধ এবং ডিলারদের বিভিন্ন কাজের জন্য প্রাপ্য অর্থ ও ভর্তুকি দ্রুত মিটিয়ে দেওয়া।
বিশেষ করে আইওসিএলের একাংশ আধিকারিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং ডিলারদের হয়রানি করার অভিযোগ তুলেছে সংগঠনটি। পাশাপাশি ডিলাররা নিজেদের খরচে লিগ্যাল মেট্রোলজি বিভাগে ডিইউ ক্যালিব্রেশনের (DU Calibration) ফি জমা দেওয়ার পরও তেল সংস্থাগুলি বছরের পর বছর সেই অর্থ ফেরত দিচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।

সংগঠনের দাবি, তেল সংস্থাগুলির হয়ে ডিলারদের বহন করা অনুমোদিত ভর্তুকি, ক্যালিব্রেশন ফি এবং অন্যান্য খরচের অর্থ ১৫ দিনের মধ্যে ফেরত দিতে হবে। একই সঙ্গে পূর্ববর্তী সমস্ত বকেয়া অর্থও নির্ধারিত সময়ের মধ্যে মিটিয়ে দিতে হবে। এই দাবিগুলি পূরণ না হওয়ায় বাধ্য হয়েই ২৪ ঘণ্টার এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।



