
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ নভেম্বর : আলো, আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে সারা দেশের সঙ্গে শ্রীভূমি জেলাজুড়েও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে পবিত্র শ্যামাপূজা ও দীপাবলি উৎসব। উৎসবের এই আনন্দঘন পরিবেশে এক স্নেহমাখা মুহূর্তের সাক্ষী থাকল জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের কানিশাইলস্থিত নিজ বাসভবন।
নিজ বাসভবনের কালীপূজায় শিশুদের সঙ্গে স্নেহমাখা মুহূর্ত, উৎসবের আনন্দে সামিল পরিবার-পরিজন ও আমন্ত্রিত অতিথিরা
প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও মন্ত্রীর বাসভবনে ধর্মীয় নিষ্ঠা ও ভক্তিভরে আয়োজন করা হয় মা কালীর পূজা। সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় পূজামণ্ডপ। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে গোটা বাড়িতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

তবে এবারের দীপাবলি উদযাপনে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে দুই খুদে শিশুর সঙ্গে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আন্তরিক মুহূর্ত। সাদা ধুতি-পাঞ্জাবিতে সজ্জিত মন্ত্রী নিজ হাতে শিশু দুটির হাতে ফুলঝুরি তুলে দিয়ে তাদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেন। ফুলঝুরির ঝলমলে আলোয় শিশুদের মুখের নিষ্পাপ হাসি এবং মন্ত্রীর স্নেহপূর্ণ আচরণ উপস্থিত অতিথিদের মন ছুঁয়ে যায়।
এদিনের এই দৃশ্য উৎসবের প্রকৃত তাৎপর্যকেই যেন তুলে ধরে। কারণ উৎসবের আনন্দ কেবল আলোকসজ্জা কিংবা আতশবাজির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের সঙ্গে মানুষের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই তার প্রকৃত সার্থকতা।

এদিকে, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি জেলাবাসীসহ সমগ্র বরাক উপত্যকা ও রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে তিনি সমাজ থেকে হিংসা, বিভেদ ও অশুভ শক্তির অবসান ঘটিয়ে ভালোবাসা, সম্প্রীতি ও মানবিকতার আলো ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।



