সোনাইয়ে তরুণ ফুটবলারদের হাতে জার্সি ও শর্ট প্যান্ট তুলে দিল যুব সংগঠন

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ জুন : খেলাধুলার প্রসার এবং তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে বুধবার সোনাইয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৩ জন ফুটবলারের হাতে জার্সি ও শর্ট প্যান্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন স্মিথ লস্কর ও তাঁর মা মাম্পি লস্কর। এ সময় উপস্থিত ছিলেন স্মিথ লস্করের পরিবারের সদস্যরাও।

জানা যায়, অনূর্ধ্ব-১৯ গ্রামীণ ফুটবল প্রতিযোগিতায় এই ক্লাবের খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মন জয় করে নিয়েছে। তাদের চমৎকার খেলায় মুগ্ধ হয়ে সংগঠনের পক্ষ থেকে খেলোয়াড়দের জার্সি প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই এদিন খেলোয়াড়দের হাতে জার্সি ও শর্ট প্যান্ট তুলে দেওয়া হয়।

খেলোয়াড়রা এই উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ভবিষ্যতে আরও ভালো খেলার মাধ্যমে এলাকার নাম উজ্জ্বল করার চেষ্টা করবেন। নতুন ক্রীড়া সামগ্রী পেয়ে সকলেই অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক লস্কর জানান, আগামী দিনেও ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী প্রদান করে খেলোয়াড়দের পাশে থাকার উদ্যোগ অব্যাহত থাকবে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই ফুটবল একাডেমির সম্পাদক জলিল আহমদ, সোনাই ফুটবল ইলেভেনের কর্ণধার মঞ্জুর আহমদ লস্করসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে সজল লস্কর উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *