মাতৃভূমি কাপে দ্বিতীয় রাউন্ডে ছোটশালগঙ্গা এফসি

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : স্বাধীন বাজার ফুটবল অ্যাকাডেমিকে ২-০ গোলে হারিয়ে মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল ছোটশালগঙ্গা এফসি। বুধবার স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নেয় তারা।
শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে বল দখলের লড়াইও ছিল প্রায় সমানে সমান। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে স্বাধীন বাজার ফুটবল অ্যাকাডেমির খেলোয়াড় পাপন আত্মঘাতী গোল করায় ১-০ ব্যবধানে এগিয়ে যায় ছোটশালগঙ্গা এফসি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাধীন বাজারের দল। অন্যদিকে ব্যবধান বাড়াতে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ছোটশালগঙ্গা এফসি। ম্যাচের ৫৬ মিনিটে মুয়ানা দুর্দান্ত গোল করে দলের জয় কার্যত নিশ্চিত করেন। এরপর সমতায় ফেরার চেষ্টা করেও সফল হয়নি স্বাধীন বাজার ফুটবল অ্যাকাডেমি। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করে ছোটশালগঙ্গা এফসি।

এদিনের ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের জনা ম্যাচসেরা নির্বাচিত হন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সমাজসেবী বিকাশ সিং ও রানু সিং। ম্যাচ পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর, ইজাজ লস্কর ও নুংশিতম্বী সিংহ। বৃহস্পতিবার ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাব ও মথুরাপুর এফসি। এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানান মাতৃভূমি কাপের ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *