জুবিন ক্ষেত্রের প্রথম পর্যায়ের কাজের জন্য ১৫ কোটি টাকা অনুমোদন, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : প্রিয় শিল্পী জুবিন গর্গের জন্মদিন বুধবার রাজ্যজুড়ে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে পালন করেছেন অনুরাগীরা। শিল্পীর অনুপস্থিতিতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি বিভিন্ন স্থানে তাঁর গান পরিবেশনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়। এরই মধ্যে জুবিন গর্গের স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে অসম সরকার। সোনাপুরে প্রস্তাবিত ‘জুবিন ক্ষেত্র’-এর প্রথম পর্যায়ের নির্মাণকাজের জন্য ১৫ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।

জুবিন গর্গের জন্মদিনের বিশেষ মুহূর্তে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, আগামী প্রজন্মের পর প্রজন্ম জুবিন ক্ষেত্রের মাধ্যমে প্রিয় শিল্পীকে অনুভব করতে পারবে। তাঁর সৃষ্টির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি সেই সৃষ্টির সুবাস হৃদয়ে ধারণ করে এগিয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্ম।

বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী প্রথম পর্যায়ের কাজের জন্য ১৫ কোটি টাকা অনুমোদনের বিষয়টি প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে সোনাপুরে জুবিন ক্ষেত্র নির্মাণের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। মুখ্যমন্ত্রীর জনসংযোগ শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকল্পের সঙ্গে জড়িত জমি সংক্রান্ত সমস্যারও ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। প্রস্তাবিত জুবিন ক্ষেত্রের অন্তর্ভুক্ত এক ব্যক্তির জমির অংশের পরিবর্তে তাঁকে বিকল্প হিসেবে অন্যত্র দুই বিঘা জমি বরাদ্দ করেছে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত অসম মন্ত্রিসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *