গঙ্গাপুর-নাগাটিলা ফেরিঘাট কাণ্ড : গ্রেফতার চার

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : গঙ্গাপুর-নাগাটিলা ফেরিঘাটে লঞ্চ থেকে বরাক নদীতে পড়ে আফাজ উদ্দিন মজুমদার (৫০)-এর মৃত্যুর ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন আব্দুল সাহিদ মজুমদার ওরফে মিঠু, লিটু হোসেন মজুমদার, সায়েল লস্কর এবং শহিদ হোসেন মজুমদার। বুধবার ধৃতদের আদালতে পেশ করা হলে আদালতের অনুমতিক্রমে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।

তবে এই ঘটনায় অভিযুক্ত আব্দুল শুক্কুর মজুমদার-সহ আরও কয়েকজন এখনও পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর নিয়াইরগ্রামের বাসিন্দা আফাজ উদ্দিন মজুমদার গঙ্গাপুর-নাগাটিলা ফেরিঘাটে লঞ্চ থেকে বরাক নদীতে পড়ে তলিয়ে যান। পরদিন ঘটনাস্থল থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযোগ অনুযায়ী, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ১২ নভেম্বর নদীর চরে আফাজ উদ্দিনের উপর হামলা চালান আব্দুল শুক্কুর-সহ নিয়াইরগ্রামের কয়েকজন বাসিন্দা। প্রাণ বাঁচাতে আফাজ উদ্দিন দৌড়ে নদী পারাপারের লঞ্চে আশ্রয় নেন। কিন্তু অভিযুক্তরা তাঁর পিছু ধাওয়া করে লঞ্চে উঠে ফের হামলা চালান। একপর্যায়ে মারধর করে তাঁকে নদীর জলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

ঘটনার পর পুলিশ হত্যা মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তের সূত্র ধরে উজান তারাপুর ও রূপাইবালি এলাকা থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *