আকাশ হেমরামের হ্যাটট্রিক, সেমিতে ইস্টবেঙ্গল

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : গোলের বন্যায় ভাসল শ্রীভূমির ডিএসএ স্টেডিয়াম। আকাশ হেমরামের দুরন্ত হ্যাটট্রিকের সৌজন্যে ডিমা হাসাওয়ের ইউনাইটেড ব্রাদার্সকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে কেসি পাল মেমোরিয়াল নকআউট ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিল কলকাতার ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গল এফসি। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত লাল-হলুদ বাহিনীর একচ্ছত্র আধিপত্য দেখা যায়। প্রথমার্ধে চারটি এবং দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে ইস্টবেঙ্গল। খেলা শুরুর মাত্র ষষ্ঠ মিনিটেই আকাশ হামরামের গোলে এগিয়ে যায় কলকাতার দল। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই দশম মিনিটে ব্যবধান বাড়ান মোহাম্মদ বিলাল। প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করে ডি-বক্সে ঢুকে তাঁর নেওয়া নিখুঁত শট সরাসরি জালে জড়িয়ে যায়। ফলে ম্যাচের মাত্র দশ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ শিবির।

এরপরও আক্রমণের ঝড় অব্যাহত রাখে ইস্টবেঙ্গল। প্রথমার্ধের ৪৪ মিনিটে লসমচে লামচার গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০। বিরতির ঠিক আগে, ৪৫ মিনিটে বিজয় মুর্মু দলের হয়ে চতুর্থ গোলটি করেন। ফলে প্রথমার্ধেই কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিজেদের হাতে নিয়ে নেয় ইস্টবেঙ্গল। ৪-০ গোলের ব্যবধানে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইউনাইটেড ব্রাদার্স। তবে ইস্টবেঙ্গলের সুসংগঠিত রক্ষণভাগ ও মাঝমাঠের দাপটের সামনে তাদের সেই চেষ্টা সফল হয়নি। বরং পাল্টা আক্রমণে আরও বিপজ্জনক হয়ে ওঠে কলকাতার দলটি। দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ইস্টবেঙ্গলের ব্যবধান ৫-০ করেন আকাশ হেমরাম।

ম্যাচের ৪০ মিনিটে কমলের গোলে ব্যবধান কমায় ইউনাইটেড ব্রাদার্স। তবে তাতে ম্যাচের ফলাফলে কোনও প্রভাব পড়েনি। খেলার শেষ মুহূর্তে, ৪৫ মিনিটে আরও একবার নিজের নৈপুণ্যের পরিচয় দেন আকাশ। সতীর্থের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডি-বক্সের কাছাকাছি অবস্থান থেকে দুরন্ত উড়ন্ত শটে বল জালে পাঠিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। একই সঙ্গে দলের গোলসংখ্যা পৌঁছে যায় ছয়ে। শেষ পর্যন্ত ৬-১ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

এদিনের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আকাশ হামরাম। তাঁর হাতে সেরা খেলোয়াড়ের ট্রফি ও পাঁচ হাজার টাকার চেক তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি তাপসকান্তি পুরকায়স্থ।

ইস্টবেঙ্গলের এই বড় জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বের লড়াই আরও আকর্ষণীয় হয়ে উঠল। এদিকে, বৃহস্পতিবার ডিএসএ স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীভূমি একাদশ ও কলকাতার আরেক ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঘরের মাঠে দর্শকদের সমর্থনকে পুঁজি করে শ্রীভূমি একাদশ ফাইনালের পথে এগিয়ে যেতে পারে, নাকি অভিজ্ঞতার জোরে জয় ছিনিয়ে নেবে মোহামেডান—এখন সেই দিকেই তাকিয়ে ফুটবলপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *