বরাক তরঙ্গ, ১৯ আগস্ট: অসম থেকে অবৈধভাবে মিজোরামে নিয়ে আসা ৪৫টি প্রাপ্তবয়স্ক শূকরসহ পাঁচজনকে আটক করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার, মিজোরামের জামুয়াং এলাকায় এই অভিযান চালানো হয়। আটক শূকরগুলিকে আইজলে জবাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অসমের দিক থেকে পাঁচটি গাড়িতে করে শূকরগুলি মিজোরামে আনা হয়। জাওলনুয়াম ভেটেরিনারি চেকপোস্ট পার হওয়ার পর জামুয়াং এলাকায় গাড়িগুলিকে আটক করা হয়। পরে শূকর ও পরিবহণে ব্যবহৃত গাড়িগুলিকে মামিতের দিকে নিয়ে যাওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। এরপর পশু চিকিৎসকদের মাধ্যমে শূকরগুলির নমুনা পরীক্ষা করা হলে আফ্রিকান সোয়াইন ফিভার (ASF)-এ আক্রান্ত হওয়ার প্রমাণ মেলে।
আদালতের নির্দেশ অনুযায়ী, সংক্রমণ রোধে সবকটি শূকরকে নিধন করা হয়। মামিত জেলা ভেটেরিনারি আধিকারিক (DVO) ডাঃ সাইপারি সাইলোর তত্ত্বাবধানে মঙ্গলবার রাতে মামিত শহরের বাইরে মালপুই এলাকায় শূকরগুলিকে নিধন করে মাটিতে পুঁতে ফেলা হয়।
অবৈধভাবে শূকর পরিবহণের অভিযোগে আটক পাঁচজন হল কানহমুনের লালনুনসাঙ্গা, মাইকেল সান্তিনরাই, থলামুয়ানকিমা, জেমস এবং রেংদিলের লালরিন্দিকা। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ মামলার পরবর্তী শুনানির জন্য তাঁদের জেলা আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।



