বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে সোনাইয়ে আয়োজিত সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করল বনতারাপুর এফসি। রবিবার সোনাই এনজিএইচএস স্কুলের মাঠে এক রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ উপভোগ করলেন হাজার দর্শক। হাড্ডাহাড্ডি লড়াই করে টাইব্রেকার ৪-৩ গোলে শিলচর এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বনতারাপুর এফসি। নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। এরপর টাইব্রেকারে ৪-৩ গোলে জয় ছিনিয়ে নেয় বনতারাপুর এফসি।
ফাইনাল ম্যাচকে ঘিরে সোনাই এনজিএইচএস স্কুলের খেলার মাঠে ছিল দর্শকদের বিপুল সমাগম। উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে দূরদূরান্ত থেকে বহু ক্রীড়াপ্রেমী মাঠে উপস্থিত হন। খেলা শেষে প্রধান অতিথি বাবুল হোড় চ্যাম্পিয়ন বনতারাপুর এফসির হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রবীর দাস ও অসীম চক্রবর্তী। রানার্স-আপ শিলচর এফসির হাতে ট্রফি ও টাকা তুলে দেন সুমন্ত দাসসহ অন্যান্য অতিথিরা।

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শিলচর এফসির রন্তাইপু। তাঁকে পুরস্কৃত করেন সুমন্ত দাস। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন হিরেন সিং। তাঁকে পুরস্কৃত করেন অসীম চক্রবর্তী। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পান রাজেশ সিং। তাঁর হাতে পুরস্কার তুলে দেন বদর উদ্দিন মজুমদার। প্রতিশ্রুতিশীল খেলোয়াড়ের পুরস্কার পান শিলচর এফসির কুরশেদ আলম। তাঁর হাতে পুরস্কার তুলে দেন প্রবীর দাস।




