প্রয়াত কল্যাণকুমার চক্রবর্তীর স্মৃতিতে দাবা প্রতিযোগিতা সম্পন্ন, জুনিয়রে শুভাজ্ঞা ও সিনিয়রে বিদ্যামণি চ্যাম্পিয়ন

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : প্রয়াত কল্যাণকুমার চক্রবর্তীর স্মৃতিতে খোঁজ শিলচর সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সোনাই ক্লাব হলে আয়োজিত দু’দিনব্যাপী দাবা প্রতিযোগিতা রবিবার সম্পন্ন হয়েছে। জুনিয়র ও সিনিয়র—এই দুই বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এর মধ্যে জুনিয়র বিভাগে ১৫ জন এবং সিনিয়র বিভাগে ২০ জন প্রতিযোগী ছিলেন।

লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় খেলোয়াড়রা নিজেদের বুদ্ধিমত্তা, কৌশল ও দাবা খেলার দক্ষতার পরিচয় দেন। জুনিয়র বিভাগে প্রথম স্থান অর্জন করেন শুভাজ্ঞা সিংহ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে অমরিতা সিংহ ও মনোজকুমার সিংহ। এই বিভাগে সান্ত্বনা পুরস্কার লাভ করেন বিদিতা কর্মকার।

অন্যদিকে, সিনিয়র বিভাগে প্রথম স্থান অর্জন করেন পি বিদ্যামণি সিংহ। দ্বিতীয় স্থান লাভ করেন লরেন আমির হামজা লস্কর এবং তৃতীয় স্থান অধিকার করেন মেহবুব আলম বড়ভূইয়া। প্রতিযোগিতা পরিচালনা করেন সুরজিৎ সিং, নজমুল হোসেন ও জলিল আহমদ।

রবিবার প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক রীতেন ভট্টাচার্য, অরিজিৎ গুপ্ত, কামাল উদ্দিন মজুমদার, গৌতম পাল, আখতার হোসেন লস্কর, সুরজিৎ সিং ও নজমুল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক রীতেন ভট্টাচার্য গ্রামীণ খেলাধুলার প্রসার এবং কল্যাণকুমার চক্রবর্তীর অবদানের কথা স্মরণ করেন। অন্যদিকে, সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর প্রয়াত কল্যাণকুমার চক্রবর্তীর সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন, কল্যাণদা শুধু খেলাধুলার সঙ্গেই যুক্ত ছিলেন না, মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতেন। তাঁর জীবন ও কর্ম থেকে অনেক কিছু শেখার রয়েছে।

উল্লেখ্য, শনিবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন ব্যাটার আজমল হোসেন লস্কর। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্করসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রয়াত ব্যক্তির স্মৃতিকে সম্মান জানিয়ে এমন উদ্যোগের মাধ্যমে ক্রীড়াচর্চার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *